২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অনুষ্ঠান সম্প্রচারে সরকারের অনুমোদনের অপেক্ষায় বিটিভি ওয়ার্ল্ড

রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন ওয়ার্ল্ড (বিটিভি ওয়ার্ল্ড) চলতি বছরের ১৪ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অনুষ্ঠান সম্প্রচার শুরু করলেও স্থায়ীভাবে অনুষ্ঠান সম্প্রচারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ক্যালিফোর্নিয়াভিত্তিক চ্যানেল সরবরাহকারী প্রতিষ্ঠান নেট বাংলা ইউএসই আমেরিকার নেতৃস্থানীয় স্যাটেলাইট সার্ভিস দ্য গ্লোবকাস্ট ওয়ার্ল্ড টিভি স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা সেই থেকে গ্লোবকাস্ট ওয়ার্ল্ড টিভি ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং প্যাকেজের মাধ্যমে বিটিভি ওয়ার্ল্ডের অনুষ্ঠান দেখছেন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিটিভি ওয়ার্ল্ড মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রি চ্যানেল হিসেবে নাকি অস্থায়ীভাবে সম্প্রচারিত হচ্ছে তা সেখানে সম্প্রচার শুরুর আগে নেট বাংলা ইউএসএ অথবা বাংলাদেশ টেলিভিশনের কেউই তথ্য মন্ত্রণালয়কে অবহিত করেনি।

সূত্র জানায়, সম্প্রচার শুরু হওয়ার পর নেট বাংলা ইউএসএ স্থায়ী সম্প্রচারের ব্যাপারে বিটিভি ওয়ার্ল্ডের ছাড়পত্রসহ প্রয়োজনীয় দলিলপত্র পেতে মন্ত্রণালয়ের সাথে সমঝোতা শুরু করেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

নেট বাংলা ইউএসএ গ্লোবকাস্ট ও গ্রাহকদের কাছ থেকে স্যাটেলাইট ভাড়া আদায়ের ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছে।

২০০৫ সালে নেট বাংলা ইউএসএ বিটিভিকে একটি প্রস্তাব দেয়। প্রস্তাবে বলা হয়, চ্যানেলটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনামূল্যে সম্প্রচার করা হবে। কিন্তু স্যাটেলাইট ব্যবহারের খরচ বিটিভি ওয়ার্ল্ডের গ্রাহকদের বহন করতে হবে।

মার্কিন মহাকাশ স্যাটেলাইট থেকে সিগন্যাল মৃদু হয়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে নেট বাংলা ইউএসএ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কোন দীর্ঘ আইনগত প্রক্রিয়া ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রচারের সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিটিভির সামনে এটি একটি সুযোগ।

নেট বাংলা ইউএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু বলেন, আমাদের জাতীয় টিভি চ্যানেলকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন জগতে আনতে পেরে আমরা আনন্দিত। এ ঐতিহাসিক মূহূর্তের জন্যে প্রবাসী বাংলাদেশীরা অনেক দিন ধরে অপেক্ষা করেছেন।