জাতীয় পোলিও টিকাদান ক্যাম্পেইনে সূর্যের হাসি ক্লিনিকের অংশগ্রহণ
ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকগুলো সপ্তাহব্যাপী জাতীয় পোলিও টিকাদান ক্যাম্পেইনের অধীনে ৫ বছরের নীচে শিশুদের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ করছে। ২০০০ সাল থেকে বাংলাদেশ পোলিও মুক্ত হিসেবে চিহ্নিত হলেও এবছর মার্চে একটি শিশু ওয়াইল্ড পোলিও ভাইরাসে আক্রান্ত হয় যা ভারতের উত্তর প্রদেশ থেকে এসেছে বলে মনে করা হচ্ছে।
এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই বছর প্রায় ২কোটি শিশুকে নতুন করে ৩টি রাউন্ডে পোলিও টিকা খাওয়ানোর উদ্যোগ নেয় যা ১৬ এপ্রিল শুরু হয়েঠে। কর্মসূচির পরের দুই রাউন্ড ১৩ মে এবং ১১ জুন-এ পালন করা হবে।
সূর্যের হাসির ডেপুটি সিভিল সার্জেন ড: এ. এম. মুজ্জাফর উদ্দীন আহমেদ সহ এনজিও সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম (এনএসডিপি)-এর চীফ অব পার্টি ড: রবার্ট টিমনস্ ১৬ এপ্রিল ঢাকার অদূরে হরিরামপুরের একটি স্থানীয় হাই স্কুলে কিছু শিশুদের পোলিও টিকা খাওয়ান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুর্যের হাসির ক্লিনিকগুলো বছরে প্রায় ৩০ লাখ শিশুকে টিকা দেয়।
এনএসডিপি’র সহায়তাপুষ্ট এনজিও হিসেবে পল্লী শিশু ফাউন্ডেশন (পিএসএফ) তাঁদের কর্মীদের এই টিকাদান কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবস্থা নিয়েছে। হরিরামপুর একটি শহরতলী এলাকা -- এই অঞ্চলটি বেছে নেওয়া হয়েছে এর অবস্থানগত বৈশিষ্ট্যের কারণে যা পুরোপুরি শহরও না আবার গ্রামও না যেখানে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম খুব একটা গুরুত্ব পায় না।
এনজিও সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম (এনএসডিপি), বাংলাদেশে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-র সবচাইতে বড় স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচি যা ক্লিনিক ও কমিউনিটি পর্যায়ে লাখ লাখ বাংলাদেশী পরিবারকে মানসম্পন্ন মৌলিক স্বাস্থ্যসেবা জোরদার করতে কাজ করে যাচ্ছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের একটি সংস্থা যা বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে কর্মরত ৩৩টি বেসরকারি সংস্থার নেটওয়ার্ককে প্রযুক্তিগত সহায়তা ও সহযোগিতা প্রদান করে আসছে।
এনএসডিপি’র আওতাভুক্ত ৩১৭টি স্থায়ী সূর্যের হাসি ক্লিনিক, ৮০০০টি স্যাটেলাইট ক্লিনিক এবং ৭০০০ এরও বেশী কমিউনিটি স্বাস্থ্যকর্মী বাংলাদেশের পরিবারগুলোকে সুলভ মূল্যে উন্নতমানের মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২ কোটি মানুষ ‘সূর্যের হাসি’ ক্লিনিকের আওতাধীন। প্রত্যেক মাসে এই ক্লিনিকগুলো ২০ লক্ষেরও বেশী কাস্টমারকে সেবা প্রদান করে থাকে। প্রতি বছর ১০ লাখেরও বেশী কাস্টমার এনএসডিপি’র স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা নেয় এবং ২ লাখেরও বেশী গর্ভবর্তী মা প্রসবকালীন সেবা ও পরামর্শ গ্রহণ করেন।
