ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার জমিতে পানি দেওয়া নিয়ে দু’দল গ্রামবাসীর মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় ঢাকা--সিলেট মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরাইল উপজেলার জোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া গ্রামের উমেদ আলী ও মারফত আলীর মধ্যে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সকাল ৬টা থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দফা মুখোমুখী সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয় জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরাইল থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
