২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ঢাকায় পুলিশ ও ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ১০০ আ. লীগ নেতাকর্মী আহত

রাজধানীর লালবাগ এলাকায় পুলিশ ও ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমপক্ষে একশ’ নেতাকর্মী আহত হয়েছে। বিরোধী দলের একটি মিছিল পুরানা পল্টন অভিমুখে যাওয়ার সময় মঙ্গলবার বিকেলে পুলিশ ও ছাত্রদলের ক্যাডাররা এ হামলা চালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ১২ জনকে মিটফোর্ড হাসপাতালে এবং আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে লালবাগ ও কামরাঙ্গীচর এলাকার বিরোধী দলের শতাধিক নেতাকর্মী যখন পুরানা পল্টনে অভিমুখে চকবাজার থেকে যাত্রা করে তখন পুলিশের ছত্রছায়ায় ছাত্রদল ক্যাডাররা মিছিলে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমসহ বেশ কয়েকজন আহত হন। 

পুলিশি অ্যাকশনের প্রতিবাদে বিরোধী দলের কর্মীরা এ সময় তিনটি সিএনজি চালিত স্কুটার, দু’টি মোটরসাইকেল, একটি বাস এবং অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশ এবং ছাত্রদলের ক্যাডারদের ওপর ইটপাটকেলও ছোঁড়ে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ঘটনার সময় পুরো লালবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

যুবলীগের মহাসমাবেশে যোগদানের উদ্দেশে পল্টন ময়দানে আসার পথে পুরনো ঢাকার বিভিন্ন স্থানে সরকারি দলের সাথে বিরোধী দলের আরও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ বিরোধী দলের নেতাকর্মীরা এক ঘণ্টার জন্য লালবাগ থানা ঘেরাও করে রাখে।

এদিকে কেরানীগঞ্জেও বিরোধী দলের মিছিলে যুবদলের ক্যাডারদের হামলায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।