২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা অব্যাহত

বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে ও ম্যাচের মধ্যাহ্নভোজের বিরতিতে কর্তব্যরত সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনায় সোমবারও নিন্দা জ্ঞাপন অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ওই ঘটনার প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিকরা সোমবার বেলা ১২টায় প্রতিবাদ সভা করে। সভায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়।

দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় অথবা আন্তর্জাতিক যে কোনো খেলার খবর না ছাপানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে সভায় ফরিদপুরের সাংবাদিকরা স্থানীয় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখা আরো একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমিতির ফরিদপুর ইউনিটের সভাপতি মশিউর রহমান খোকন এতে সভাপতিত্ব করেন।

প্রতিবাদ সমাবেশে পর ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশন সোমবার বিকেল ৫টায় চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এসময় তারা পরবর্তী ২৪ ঘন্টার জন্যে ছবি তোলা বর্জনেরও ঘোষণা দেয়। 

এর আগে রোববার বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও ফেডারেশনের মহাসচিব মাওলানা জাকির হোসেন সাংবাদিকের ওপর পুলিশের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা এ হামলাকে দেশ শাসন করতে সরকারের দেউলিয়াপনার সাথে তুলনা করেছেন। তারা বলেন, ক্ষমতাসীন সরকারের উৎখাতের মাধ্যমেই কেবল একটি বিশ্বাসযোগ্য সরকার গঠন করা সম্ভব হবে।

এদিকে পাবনায় সাংবাদিকরা সোমবার সকালে জেলা শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা দোয়েল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেন।

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বার্তা সংস্থা বিডিনিউজের প্রতিনিধি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে চট্টগ্রামের উপ--পুলিশ কমিশনার আলী আকবরকে ৪৮ ঘন্টার মধ্যে দায়িত্ব থেকে অপসারণ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে কৈফিয়ত, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, সাংবাদিকদের ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়া হয়।