১৫ হাজার সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় সরকারের বিরুদ্ধে রিট দায়ের
গত ২০০১ সালের সাধারণ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার সংখ্যালঘু নির্যাতনের ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সরকারের বিরুদ্ধে রোববার হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
রিট আবেদনকারী তার আবেদনে বলেন, ২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন, তাদের জমি বেদখল এবং গৃহে অগ্নিসংযোগের মতো ১৫ হাজার ঘটনা ঘটেছে।
রিট আবেদনে সংখ্যালঘুদের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ ও দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আদেশ জারি করার আহ্বান জানান।
বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার কংগ্রেস (এইচআরসিবিএম) সভাপতি অ্যাড. রবীন্দ্র ঘোষ এবং বাংলাদেশের মানবাধিকার ও শান্তি (এইচআরপিবি) নির্বাহী সভাপতি অ্যাড. মনজিল মুর্শিদ যৌথভাবে জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করেন।
বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রোববার রিটের শুনানি গ্রহণ করেন এবং সোমবার রায়ের তারিখ নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে যে নির্বিকার ভূমিকা পালন করেছে তাকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর আদেশ প্রদানেরও দাবি জানিয়েছেন রিট আবেদনকারীরা।
