২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচার চাইনা, দাবি মানতে হবে’:একমাত্র ছেলে হারিয়ে শোকে কাতর আনোয়ারের বাবা, মা

কানাসাটে বুধবার বিদ্যুৎ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৩ জনের একজন হচ্ছে জায়গির গ্রামের আনোয়ার (১১)। বাবা মাইনুল ইসলাম ও মা মনোয়ার বেগমের চার ছেলে মেয়র মধ্যে আনোয়ারই একমাত্র ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ভাই-বোনদের মধ্যে সে ছিল বড়। সদা হাস্য ও সদালাপী আনোয়ার এবার কানসাট মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র। বাবা - মার খুব ইচ্ছে ছিল একমাত্র ছেলেকে লেখা - পড়া করিয়ে শিক্ষিত করবে। কিন্তু পুলিশের একটি বুলেট ভেঙ্গে দিয়েছে সে স্বপ্ন। কেড়ে নিয়েছে আদরের একমাত্র ছেলে আনোয়ারকে। অল্প সময়ের ব্যাবধানে এখন সবকিছুই শুধুমাত্র স্মৃতি। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা - মা কিছুতেই ভাবতে পারছেন না তাদের আনোয়ার আর নেই।

বৃহস্পতিবার দুপুরে কানসাট থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে দেওয়ান জায়গির গ্রামে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায় চারদিকে শোকের মাতম। আনোয়ারের বাবা তার কিছুক্ষন আগে দাফন করে এসেছেন প্রিয় সন্তানকে। বাড়ির বাইরে মাটিতে বসে একদিকে চেয়ে ছিলেন তিনি। তাকে ঘিরে ছিল প্রতিবেশীরা।

তিনি সাংবাদিকদের জানান, বিকালে আন্দোলনকারীদের মিছিল দেখতে আনোয়ার আব্বাস বাজারে যায়। সেখানে পুলিশ হামলা চালালে আনোয়ার বাড়ির দিকে পালিয়ে আসার চেষ্টা করে। এসময় পুলিশ বহলাবাড়ি মসজিদের কাছে পেছন থেকে তাকে গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়। আনোয়ারের পিঠে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে বলে নিহতের চাচা শাহজাহান জানান।

ছেলে হত্যার জন্যে মামলা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে আনোয়ারের বাবা বলেন, পুলিশের বিরুদ্ধে মামলা করবো না। শুধু এ আন্দোলনের দাবিগুলো সরকারকে মেনে নিতে হবে। আমরা নায্য দাবিতে আন্দোলন করছি।  আমরা কিছুতেই পিছু হটবনা। বাড়িতে বিদ্যুৎ না থাকলেও এ আন্দোলনের সাথে একাত্মাতা প্রকাশ করে তিনি বলেন, আমাদের নায্য দাবি মানতে যত রক্ত যত লাশ দিতে হবে আমরা দেব কিন্তু দাবি মানতেই হবে। প্রয়োজনে আমিও জীবন দেব। কিন্তু সরকারকে আমাদের দাবি মানতে হবে।