২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের ৫ম দিন: কানসাট জনশুণ্য, মাইকিং করে সংগ্রাম পরিষদের ১৪৪ ধারা ভাঙ্গার প্রস্তুতি

চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পল্লী বিদ্যুত সংগ্রাম পরিষদের আহুত লাগাতার হরতালের পঞ্চম দিন মঙ্গলবারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 01:00 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আন্দোলনকারিদের দমাতে উপজেলার বিকির মোড় থেকে সোনা মসজিদ স্থল বন্দর পর্যন্ত ১৪৪ ধারা জারি করলেও ওই এলাকায় কোনো মানুষকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। এলাকায় কারফিউ অবস্থা বিরাজ করছে। এলাকার সকল রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে পড়েছে। কোথাও কোনো দোকানপাট খুলতে দেয়নি পুলিশ।

স্থানীয় লোকজন জানিয়েছে, পল্লী বিদ্যুত সংগ্রাম পরিষদ পুলিশের ১৪৪ ধারা ভেঙ্গে বিকেল তিনটার দিকে মিছিল নিয়ে কানসাট বাজারে প্রবেশ ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এজন্য প্রায় প্রতিটি এলাকায় সকাল থেকে মাইকিং করা হচ্ছে।

তবে পুলিশও আন্দোলনকারিদের রুখতে তাদের প্রস্তুতি অব্যাহত রেখেছে। যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বিডিনিউজকে জানিয়েছেন, কোনো অবস্থাতেই ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলনকারিদের কানসাট বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে পুলিশ ও আন্দোলনকারিদের মুখোমুখি অবস্থানের কারণে পুরো এলাকা জুড়ে আতংকাবস্থা বিরাজ করছে।

এর আগের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কানসাট বাজারের বিভিন্ন অলিগলি থেকে আন্দোলনকারি জনতা পুলিশের উপর হামলা চালালে পুলিশ গত দুই দিনের নেয়া অবস্থান থেকে পিছু হটে আসে। দুপক্ষের সংর্ঘষ চলাকালে পুলিশ ধোবড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে বিসারত আলী বিশুসহ ৯ জনকে আটক করে।

পুলিশ জানায়, কানসাটে ১২শ’ পুলিশ ও ১০ প্লাটুন বিডিআর মোতায়েন রয়েছে। এছাড়াও মহিলা পুলিশসহ আরো পুলিশ আনার উদ্যোগ নেয়া হয়েছে।