২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত উপলক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী মঙ্গলবার দেশজুড়ে পালিত হবে। দিনটিকে সামনে বিভিন্ন সংগঠন বিস্তারিত অনুষ্ঠানমালা হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে জনগণকে মহানবীর জীবন সম্পর্কে জেনে শান্তিপূর্ণ ও সুখী জীবন ধারণের আহ্বান জানান। তিনি মুসলিম উম্মার শান্তি ও সম্মৃদ্ধি কামনা করেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেন, আমি বিশ্বাস করি, মহানবীর সুমহান আদর্শ ও শিক্ষা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের জন্য কল্যাণ, শান্তি ও প্রগতি নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, আসুন, আমরা মহানবী (সাঃ) এর চিরন্তন শিক্ষা ও আদর্শের আলোকে আমাদের দেশ ও গোটা বিশ্বকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাই।

আ’লীগ সভাপতি ও বিরোধী দলের নেতা শেখ হাসিনা তার বাণীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম এবং মৃত্যুর পুণ্যস্মৃতি বিজড়িত ঈদ-ই-মিলাদুন্নবী পবিত্র দিনে মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

বিরোধী দলের নেতা মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিএফটি) কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

বটিএফ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখবেন বিকল্প ধারা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যা: একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় ঐক্যমঞ্চের আহ্বায়ক ড. কামাল হোসেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম।

বিটিএফ পরে বেলা ২টায় একটি বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করেছে। জুলুস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হাইকোর্ট মাজারে গিয়ে শেষ হবে।

আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহা-সম্মেলন, আলোচনা সভা, জছনে জুলুছ, ওয়াজ মাহফিল ও আখেরি মোনাজাতের আয়োজন করেছে।

বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও মো: নাসিম ঈদ-ই-মিলাদুন্নবীর মহা-সম্মেলনে উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সৈয়দ মুজিবুল বাসার আল হাসানি।