জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ১, ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ, পৃথক দুর্ঘটনায় আহত ২
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ১নং রেল ক্রসিংয়ে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মালবাহী মিনি ট্রাক্টর (মেসি) চালক নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চিলাহাটি রাজশাহীগামী বরেন্দ্র আন্তঃনগর ট্রেন মালবাহী মিনি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টর চালক মারাত্মকভাবে আহত হয়। তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।
দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রূপসা আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন এসে বরেন্দ্র এক্সপ্রেসটি হিলি নিয়ে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অপর দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একই উপজেলার বাগজানার পাইকরতলিতে ট্রাকের ধাক্কায় জয়পুরহাট জেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুর রহিম (১৪) এবং শালাইপুরের রাস্তায় পাওয়ার টিলার দুর্ঘটনায় রহমতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আমজাদ হোসেন (২৮) মারাত্মকভাবে আহত হয়ে হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
