চীনে বস্ত্র রপ্তানি করছে বাংলাদেশ
বাংলাদেশী একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিশ্বের অন্যতম বস্ত্র রপ্তানিকারক দেশ খোদ চীনেই বিপুল পরিমান নিটউয়্যার পণ্য রপ্তানি করে উদাহরণ তৈরি করেছে।
নাসরিন জামান নিটওয়্যার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি সম্প্রতি কুনমিংয়ে বাণিজ্য মেলায় চিনা এক বায়ারের কাছ থেকে ৫০ হাজার টি টি-শার্টের অর্ডার পায়। যার পথম শিপমেন্ট গতমাসেই পাঠিয়ে দেয়া হয়েছে।
নাসরিন জামান নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুজ্জামান বিডিনিউজকে বলেন, চীনা বাজারে বাংলাদেশী পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। ইউরোপের বাজারের তুলনায় দরও ভালো পাওয়া যায়।
যথাসময়ে পেমেন্ট পাওয়ার শতভাগ নিশ্চয়তা পেলে আমরা চীনকে একটি সম্ভাবনার বাজারে পরিনত করে তুলতে পারি, তিনি বলেন।
তিনি বলেন, পেমেন্ট পাওয়া নিয়ে কিছুটা জটিলতা যেমন টেলিগ্রাফিক ট্রান্সফারের সমস্যার কারণেই আমি দ্বিতীয় শিপমেন্ট পাঠাতে বিলম্ব করছি।
তিনি বলেন, ইউরোপের বাজারে মেয়েদের যে টিশার্ট ১০ ডলারে বিক্রি করা হয়, তা চীনে ২০০০ টাকা বিক্রি হতে পারে।
বিকেএমইএ প্রেসিডেন্ট ফজলুল হকও চীনের বাজারে বাংলাদেশী বস্ত্রের বড় ধরনের চাহিদার কথা জানিয়েছেন। তিনি বিডিনিউজকে বলেন, তবে তা সত্ত্বেও আমরা এ বাজটিতে মনোনিবেশ করতে পারছি না কারন ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আসা অর্ডারের চাপেই আমরা কিছুটা ভারাক্রান্ত।
তিনি বলেন, আমাদের উৎপাদনকারীদের যদি চীনের বাজারে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই সক্ষমতা আরও বাড়ানো উচিত।
