আথিতেয়তা শিল্পখাতে কর আদায় জোরদার করছে জাতীয় রাজস্ব বোর্ড
সরকার দেশের আথিতেয়তা শিল্পখাতে কর বাড়ানোর উদ্যোগ জোরদার করেছে। এ খাতে কর ফাঁকির পরিমাণ অত্যন্ত বেশি বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২ এপ্রিল বৃহৎ করপ্রদায়ক শাখাসহ (এলটিইউ) সকল এলাকার কর কমিশনারদের বিশেষ করে গেস্টহাউজ, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও কমিউনিটি সেন্টার থেকে কর আদায় জোরদারের ব্যাপারে একটি চিঠি পাঠায়।
চিঠিতে শিগগিরই নিজ নিজ এলাকার ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বোচ্চ কর প্রদানকারী ১০০ প্রতিষ্ঠানের নামের তালিকা প্রদানের আহ্বান জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর’র একটি সূত্র বিডিনিউজকে জানায়, এপ্রিলের মাঝামাঝিতে অনুষ্ঠেয় বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান উল্লিখিত খাত থেকে কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা করবেন।
অর্থমন্ত্রীকে নিয়ে গত ২৯ মার্চ এ ব্যাপারে রাজস্ব বোর্ড একটি বৈঠক করে। বৈঠকে অর্থমন্ত্রী কর আদায়ে অগ্রগতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। কর আদায়ে যথার্থ অগ্রগতি না থাকায় বর্তমান অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বোর্ড এ নির্দেশ জারি করেছে।
মন্ত্রী কর আদায়ে অগ্রগতি না থাকায় সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাদের ভর্ৎসনা করেন এবং তাদের কর আদায় জোরদারের আদেশ দেন।
সেবা ও পণ্যের মান, আসন সংখ্যা এবং সেবা গ্রহণকারীদের কথা বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর নির্ধারণ করতে হবে বলে এনবিআর সূত্র জানায়।
এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া তথ্য মূল্য সংযোজন কর রিটার্নের সাথে দেওয়া তথ্যের সাথে সংযুক্ত করতে হবে।
কর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, আমরা উল্লেখিত নমুনা অনুযায়ী ১০ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য পাঠাতে বলেছি।
সূত্র আরও জানায়, অর্থমন্ত্রীর নির্দেশ অনুসারে সরকারের বকেয়ার বিষয়টি বিবেচনায় রেখে উচ্চ সম্ভবনাময় এবং কর বাকি আছে-- এ ধরনের খাতগুলো থেকে কর আদায় উন্নয়নের ব্যাপারেও এনবিআর উদ্যোগ নিয়েছে।
