উত্তাল কানসাটের পথে পথে ব্যারিকেড, অনির্দিষ্টকালের হরতাল অব্যাহত, ১ম লিড
উত্তাল কানসাটে বিদ্যুতের দাবীতে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের হরতাল কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের সাথে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির মধ্যে সংঘর্ষের পর কানসাট পরিস্থিতির চরম অবণতি হয়েছে। অনির্দিষ্টকালের জন্যে হরতাল, পথে পথে ব্যারিকেডের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যারিকেডের ফলে সারাদেশের সাথে এ অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
অনির্দিষ্ট কালের হরতালের দ্বিতীয়দিন শনিবার কোন সহিংস ঘটনা ছাড়ায় অতিবাহিত হয়েছে। কানসাটে শনিবার সাপ্তাহিক হাট হওয়ার কারণে পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সমর্থকদের দেওয়া ব্যারিকেড শুক্রবার গভীর রাতে সরিয়ে নেয়া হয়েছিল। এসময় সোনামসজিদ স্থলবন্দর থেকে কিছু গাড়িও ছেড়ে যায় দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে। কিন্তু শনিবার সকালেই আন্দোলনকারীরা সড়কে পুনরায় ব্যারিকেড দেয়। আন্দোলনকারী চাঁপাই - সোনামসজিদ মহাসড়কের কাইউমপুর থেকে সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ কেটে ও ইটের স্তুপ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সড়ক বন্ধ রেখেছে।
তারা সকালে আন্দোলনের নেতা গোলাম রব্বানীর গ্রাম পুকুরিয়া থেকে কানসাট বাজার পর্যন্ত গাছ ও বিদ্যুতের পোল ফেলে ব্যারিকেড দিলেও ১০টার দিকে পুলিশ তা সরিয়ে ফেলে। কানসাট - চৌডালা সড়কের কানসাট ইউপির বাগদুর্গাপুর হঠাৎপাড়ায় রাস্তা কেটে একটি গভীর খাদের সৃষ্টি করেছে আন্দোলনকারীরা।
স্বজন হারাদের ঘরে শনিবারও শুধুই কান্নার রোল। অনেকে শোকে ক্ষোভে বাকরুদ্ধ হয়ে গেছেন।
কানসাটে হাটবার থাকার কারণে সংগ্রাম পরিষদের মিছিল - সমাবেশসহ কোনো কর্মসূচি না থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এর সাথে রয়েছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, রিজার্ভ ফোর্স ও বিডিআর। গোলাম রব্বানীর বাড়ী পুকুরিয়া থেকে কানসাট পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার কানসাটে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে বিরাট মিছিল করবে বলে জানিয়েছেন পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী।
এদিকে গ্রেপ্তারের ভয়ে এলাকার লোকজন অনেকেই আত্মগোপন করছে।
এদিকে বৃহস্পতিবারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তবে ওই ঘটনায় দায়েরকৃত মামলার ব্যাপারে পুলিশ কঠোর গোপনীয়তা রক্ষা করছে। মামলা দায়েরের কথা স্বীকার করলেও বাদীর নাম ও আসামীদের পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। পুলিশের এ রকম আচরনকে অনেকই রহস্যজনক বলে মনে করছেন।
