২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ মতিউরের দেহাবশেষ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ, উন্মুক্ত স্থানে সমাহিত করা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ, উন্মুক্ত স্থানে সমাহিত এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে শহীদ মতিউর পরিবার সদস্যরাসহ বীরশ্রেষ্ঠ মতিউর স্মৃতি পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শনিবার শহীদ মতিউর পরিবার ও বীরশ্রেষ্ঠ মতিউর স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদ সভাপতি ড. আলাউদ্দিন আল আজাদ এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, ভাই আতাউর রহমান, বোন জামিলা আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মকদ জাফর ইকবাল প্রমুখ।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান বলেন, মতিউর শুধু তার পরিবারের সম্পদ নন, তিনি রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং এমন একটি উন্মুক্ত স্থানে তাকে সমাহিত করা হোক, যেখানে তার প্রতি শদ্ধা জানাতে দেশের মানুষকে কোনো সমস্যায় পড়তে না হয়।

ড. আলাউদ্দিন আল আজাদ বলেন, মতিউর আমাদের মাঝে আবার ফিরে আসছে, আমরা যদি এই উজ্জ্বল রাষ্ট্র নির্মাতাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় গ্রহণ করতে না পারি, তাহলে আমরা কাপুরুষের জাতি হিসেবে চিহ্নিত হয়ে থাকব। তিনি শহীদ মতিউরের দেহাবশেষ ঢাকা শহরের উন্মুক্ত স্থানে সমাহিত করা, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং মতিউরের ব্যবহৃত দ্রব্যাদি থেকে বাছাই করে যাদুঘর নির্মাণের দবি জানান।

মিলি রহমান বলেন, ৩৫ বছর পর দেশের বীর সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মরদেহ দেশে আসছে কিন্তু সরকার পক্ষ থেকে তাকে সমাহিত করার উদ্যোগ নেয়া হয়েছে ক্যান্টনমেন্টে কুর্মিটোলার মত সীমাবদ্ধ স্থানে, যেখানে সর্বসাধারণের অবাধ যাতায়াত নিষেধ। নতুন বিমান বন্দরের কাছে রেডিসন হোটেলে পাশে তাকে সমাহিত করা হলে ভাল হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, পরারাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, এমাসের মধ্যে মতিউরের মরদেহ ঢাকায় আনা হবে। তিনি দেহাবশেষ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার দাবি জানান।

তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর বীর বাঙালি অফিসার মতিউর রহমান ১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মাসরুর বিমান ঘাঁটি থেকে একটি টি--৩৩ জেট বিমান ছিনতাই করে স্বদেশের উদ্দেশে রওনা দেন। পাকিস্তানী এক তরুণ পাইলট অফিসার প্রশিক্ষণের উদ্দেশে বিমানটি উড্ডয়ন করেছিলেন। ককপিটের নিয়ন্ত্রণ নিয়ে ওই অফিসারের সঙ্গে মতিউরের ধস্তাধস্তি শুরু হলে পাক--ভারত সীমান্তের মাত্র ৩২ মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। মতিউরের মরদেহ মাসরুর বিমান ঘাঁটিতে চতুর্থ শ্রেণীর কর্মচারিদের জন্যে সংরক্ষিত কবরস্থানে দাফন করা হয়। পরবর্তি সময়ে বাংলাদেশ সরকার মতিউর রহমানকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করলেও ৩৪ বছরেরও তার কবরটি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।