২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে শনিবার ভারতীয় সীমন্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নিহতের নাম আবু তালেব (৩৫)। সে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুরী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বিডিআর ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভুতিপুকুরী সীমান্তের ৭৩৮ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় আবু তালেব গরু চরানোর সময় ভারতের যাত্রাবাড়ী বিএসএফ ফাঁড়ির টহলরত সদস্যরা আবু তালেবকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

বিডিআরের পঞ্চগড় ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী ফিরোজ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, কোম্পানি পর্যায়ে ঘটনার কড়া প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।

ওই এলাকার পাথর ব্যবসায়ী হামিদুল হাসান লাবু জানান, ঘটনার পর পরই বিডিআর ও বিএসএফ উভয় সীমান্তে শক্তি বৃদ্ধি করে টহল জোরদার করেছে। যে কোন মুহুর্তে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কায় সীমান্ত এলাকার লোকজন বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে।