আরইবি’র দায়িত্বহীনতায় কানসাট পরিস্থিতির সৃষ্টি হয়েছে: সাবেক চেয়ারম্যান
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ’র দায়িত্বহীনতায় কানসাট পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম এ মালেক।
তিনি শুক্রবার বিডিনিউজকে বলেন, “আমি আরইবি’র চেয়ারম্যান থাকার সময় বিদ্যুতের শুল্কসহ নানা বিষয় নিয়ে সারা দেশে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা মাসের পর মাস মানুষের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছি।”
তিনি বলেন, ঢাকার পাশে কালিগঞ্জে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) ’র কাছ থেকে আরইবিতে আসার পর সেখানে ব্যাপকভিত্তিক আন্দোলন শুরু হয়।
“তার ব্যাপকতা কোনোভাবেই চাঁপাইনবাবগঞ্জের কানসাটের চেয়ে কম ছিল না। কিন্তু আলোচনার মাধ্যমে আমরা সংকটের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পেরেছি,” বলেন ব্রিগেডিয়ার মালেক যিনি পরে পিডিবি’র চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
তিনি বলেন, একটি কথা মনে রাখতে হবে গ্রাহক হিসাবে আরইবি’র গ্রাহকরা গুড পে মাস্টার। কিন্তু কানসাটবাসী যে মিনিমাম চার্জ এবং মিটার ভাড়া না দেয়ার জন্যে আন্দোলন করছে তার নেপথ্য কারণ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ না পাওয়া।
সরকার তাদের বিদ্যুত সরবরাহ দিতে পারলে এই ইস্যু সৃষ্টি হতো না বলে তিনি মন্তব্য করেন।
ব্রিগেডিয়ার মালেক বলেন, গ্রাহকরা পয়সা দিয়ে বিদ্যুত কিনছেন। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হওয়া উচিত ছিলো। তা না হয়ে গুলিতে প্রথমে ৯ জন ভোক্তার মৃত্যু খুবই দুঃখজনক।
“বৃহস্পতিবার সেখানে আরো ৪ জনের মৃত্যু আবারো প্রমাণ করলো আরইবি বিষয়টি নিয়ে এখনো আন্তরিক নয়,” তিনি বলেন।
তিনি বলেন, সাধারণ ভোক্তাকে আপনি মাসের পর মাস বিদ্যুৎ দিচ্ছেন না আবার তাদের মোটিভেটও করছেন না। তারাতো মিনিমাম চার্জ এবং মিটার ভাড়া কমানোর আন্দোলন করবে - এটাই স্বাভাবিক।
মালেক বলেন, এখনোই জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়া না হলে দেশের অন্যত্র বিদ্যুত নিয়ে এই ধরনের ঘটনা ছড়িয়ে পড়তে পারে।
