২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ৩ জন আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজবাড়ী জেলায় কালবৈশাখী ঝড়ে তিনজন আহত, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন এবং ফসল নষ্টসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 01:38 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এলাকাবাসী শুক্রবার জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে বালিয়াকান্দি ও গোয়ালন্দ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় কাল বৈশাখীর প্রচণ্ড ঝড়ে বালিয়াকান্দিতে একই পরিবারের তিনজন আহত হয়েছে। তারা হচ্ছেন--মোহাম্মদ আলী (৪০), স্ত্রী কহিনুর বেগম (৩০) এবং পুত্র সুজন (১৭)। তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিডিনিউজকে জানান, উপজেলার ৫টি ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে, বাঘুটিয়া, তুলসী বরাট, ঢোলজানি, বকচর, বেরুলি, বাহিরচর এবং সদর বালিয়াকান্দি।

এসব এলাকার বহু কাঁচা বাড়ী ও গাছপালা ভেঙ্গেছে এবং বিদ্যুৎ ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাট ক্ষেত ও ইরি-বোরো ফসল নষ্ট হয়ে গেছে।

গোয়ালন্দ উপজেলার ১১ কেভির ২টি টাওয়ার ভেঙ্গে পড়েছে এবং ২৩টি টাওয়ার হেলে পড়েছে। ফলে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখানেও বেশ কিছু কাঁচা ঘর-বাড়ী এবং ফসলের ক্ষতি হয়েছে।

গোয়ালন্দের আবাসিক প্রকৌশলী জানান, বিদ্যুৎ মেরামতের কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ পেতে ২ থেকে ১ দিন সময় লাগবে। পাংশা উপজেলাতেও ৩টি বিদ্যুৎ টাওয়ার ভেঙ্গে পড়েছে।

রাজবাড়ীর বড়লক্ষ্মীপুর গ্রামে কাল বৈশাখী ঝড়ে ফোরকানিয়া মাদ্রাসাটি ভেঙ্গে পড়েছে। রাজবাড়ীর বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ শতাধিক বিদ্যুৎ খুঁটি ভেঙ্গে পড়ায় এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।