ফরিদপুরে সাংবাদিক গৌতম হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে
দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন খান বৃহস্পতিবার জানান, সর্বস্তরের মানুষের দাবির কারনে এই হত্যা মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে তা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় সাংবাদিক গৌতম হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া সম্ভব হয়েছে। সবচেয়ে কম সময়ের মধ্যে সাংবাদিক গৌতম হত্যা মামলার অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
গত ১৭ নভেম্বর ফরিদপুরের নিজ অফিস কক্ষে সাংবাদিক গৌতম দাসকে এক দল সন্ত্রাসী হত্যা করে।
এ ব্যাপারে দায়েরকৃত মামলার ১০ আসামির মধ্যে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য হুলিয়া জারি এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
