বার্ড ফ্লু ঠেকাতে মুরগী চোরাচালান বন্ধের দাবি
ভারত থেকে চোরাই পথে আসা বার্ড ফ্লুর জীবানুবাহী মুরগীর কারণে এ রোগের ঝুঁকি বাড়ছে-- এ অভিমত ব্যক্ত করে দেশের পোল্ট্রি ফার্ম মালিকরা সীমান্ত পথে মুরগী চোরাচালান বন্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
বিভিন্ন জেলার পোল্ট্রি ফার্ম মালিকরা সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত এক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় এ দাবি জানান। তারা বলেন, কিছু কিছু পোল্ট্রি ফার্ম মালিক ভারত থেকে মুরগী আমদানি করে দেশের সাধারণ মানুষের কাছে বিতরণ করে।
নাটোর পোল্ট্রি ফার্ম মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন--অর--রশিদ বলেন, ওই সব অসৎ পোল্ট্রি ফার্ম মালিক এখন ভারত থেকে চোরাই পথে মুরগী এনে দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছে। যদি ভারত থেকে মুরগী চোরাচালান বন্ধ হয় তবে দেশে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকবে না বলে তিনি অভিমত প্রকাশ করেন।
তিনি বলেন, রাজশাহী বিভাগে প্রতিদিন বিশ লক্ষ মুরগীর চাহিদা রয়েছে। কিন্তু সরকার এবং প্রাইভেট সেক্টর এ চাহিদা পুরণে ব্যর্থ। এ দুই সেক্টর এক দিনে মাত্র তিন লক্ষ মুরগী বিতরণ করে থাকে। কাজেই আমরা অনেকাংশে ভারত থেকে আসা মুরগীর ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে সরকারকেই মুরগীর চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রাজশাহীর একটি ফার্মের মালিক মাসুদুল হক নিলু বলেন, প্রশাসন এবং পোল্ট্রি মালিকদের এই সমস্য থেকে বেরিয়ে আসার জন্যে উদ্যোগী হতে হবে। প্রতিবেশি দেশ ভারত এবং মায়ানমারের বার্ড ফ্লুর প্রভাব বলয়ে আমরাও রয়েছি।
সরকারের পশুসম্পদ বিভাগ, ব্র্যাক ও ওয়াপসা নামে একটি বেসরকারি সংস্থা খামারিদের নিয়ে ব্র্যাকের স্থানীয় টার্ক হলরুমে ওই কর্মশালা আয়োজন করে।
