সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় বাঘ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ
সুন্দরবনের জীব বৈচিত্র ধরে রাখতে বাঘের ওপর গবেষণা ও স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টিসহ বাঘ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সুন্দরবনের বাঘের আচরণ পর্যবেক্ষণে জিপিএস কলার স্থাপন সংক্রান্ত’ মতবিনিময়ে বিশেষজ্ঞরা এ মত ব্যক্ত করেন।
বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, সচিব জাফর আহমেদ চৌধুরী, প্রধান বন সংরক্ষক ওসমান গণি, সুন্দরবনের বাঘ প্রকল্পের কনসালটেন্ট অ্যাডাম বেকলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বণ্যপ্রাণী প্রাণী বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন।
অ্যাডাম বেলকো জানান, এক সময় গোটা বিশ্বেই বাঘের সাথে গরু থাকতো। এসব গরুই বাঘের খাবার হিসেবে ব্যবহার হতো।
“বর্তমানে গোটা বিশ্বেই বন হ্্রাসের সাথে সাথে গরুও কমে গেছে। ফলে বাঘের বসবাসের স্থানও কমে এসেছে,” বলেন তিনি।
এ অবস্থায়, তিনি বলেন, বাঘ ব্যবস্থাপনা, বাঘের বংশবিস্তার ও সংরক্ষণে গবেষণা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে।
একই সাথে বাঘগুলোর গতিবিধি পর্যবেক্ষণে জিপিএস কলার ব্যবহার করা যেতে পারে বলে তিনি জানান।
এক দশমিক এক কেজি ওজনের ওই কলারটি একটি বাঘের ওজনের শতভাগের এক ভাগ।
আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে স্যাটেলাইট কলার ব্যবহারের ব্যাপারেও অনেকে মত প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সুন্দরবনের বাংলাদেশ অংশের ৬০০ বর্গকিলোমিটার এলাকায় ৪৪০টি বাঘ রয়েছে। একই সাথে রয়েছে প্রায় পৌণে দু’ লাখ হরিণ। মা হরিণ প্রতিবছর চার থেকে পাঁচটি করে বাচ্চা প্রসব করে।
সুন্দরবনের বাঘগুলোর খাবারের জন্য প্রতি বছর প্রয়োজন প্রায় ৪৪ হাজার হরিণ। ফলে প্রতি বছর বাঘের খাবার হিসেবে ব্যবহারের পরও হরিণের সংখ্যা হ্্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম সুন্দরবনসহ দেশের জীব বৈচিত্র রক্ষায় ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।
