২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামে ইউনিসেফ ও ডব্লিউএফপি’র শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু

অস্ট্রেলীয় সরকারের আর্থিক সহায়তায় ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি’র (ডব্লিউএফপি) যৌথ উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 03:38 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এ প্রকল্পের অধীনে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সরকারি ও ইউনিসেফ কর্তৃক পরিচালিত ৯৩৩ টি কমিউনিটি সেন্টার বা ‘পাড়া শিক্ষাকেন্দ্র’ থেকে ১৮ হাজার শিশুকে প্রতিদিন উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট সরবরাহ করা হবে।

শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের পাশাপাশি স্কুলগুলোতে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রতিদিন ৫০ গ্রামের একটি বিস্কুটের প্যাকেট দেওয়া হবে।

সুষম পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য খাদ্যগুণ সম্পন্ন এ বিস্কুট শিশুদের শিক্ষার প্রতি মনযোগ বাড়াতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সম্মিলিত মহল্লা উন্নয়ন প্রকল্পের আওতাধীন পাড়া শিক্ষাকেন্দ্রগুলো ১৯৯৭ সালে থেকে চালু করা হয়েছে। এসব পাড়া শিক্ষাকেন্দ্রে স্থানীয় আদিবাসী ও বাঙালিদের জন্য প্রয়োজনীয় খাবার পানি, স্যানিটেশন ও শিশুদের শিক্ষা চিকিৎসা ও পুষ্টিসেবা প্রদান করা হয়। বর্তমানে  এক হাজার ৮০০ টি মহল্লার দুই হাজার ২২০ টি পাড়া শিক্ষাকেন্দ্র থেকে অনেক আদিবাসী ও বাঙালি সেবা পেয়ে আসছে।

ঢাকায় এ যৌথ উদ্যোগের ঘোষণা দিতে গিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি ডগলাস রডেরিক বলেন, পার্বত্য জেলাগুলোর উন্নতির সাথে সাথে এখানকার শিশুদের অপুষ্টি দূরীকরণে ডব্লিউএফপি দীর্ঘদিন ধরে কার্যকরী পদক্ষেপ নেওয়ার চিন্তা করে আসছে। ডব্লিউএফপি ও ইউনিসেফ’র এ উদ্যোগের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা পুষ্টিহীনতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারব।

ইউনিসেফের প্রতিনিধি লুইস জর্জেস আর্সেনল্ট এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির ফলে পার্বত্য জেলাগুলোর শিশুদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাদের শিক্ষা গ্রহণের ক্ষমতা বাড়বে।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে এ বছর ডিসেম্বর মাস পর্যন্ত রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু থাকবে।