পঞ্চগড়ে বিডিআর-পুলিশ ও জনতার ত্রিমুখী সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত ১০
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের ফকিরগঞ্জহাটে সোমবার বিডিআর-- পুলিশ ও জনতার সংঘর্ষে বিডিআর ওপুলিশের একজন করে সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের ক্যাপ্টেন জামালের নেতৃত্বে একদল বিডিআর ফকিরগঞ্জ বাজারের দুই অ্যালুমিনিয়াম ব্যবসায়ীর দোকান ঘেরাও করে ভারতীয় মালামাল উদ্ধার করতে গেলে স্থানীয় জনতা তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মালাকার ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি উত্তপ্ত দেখে ইউএনও বিডিআরকে গুলির নির্দেশ দেন।
বিডিআর দু’রাউন্ড ফাঁকা গুলি করলে বিডিআর-পুলিশ ও জনতার ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এতে বিডিআরের ক্যাপ্টেন জামাল, সুবেদার আব্দুল মালেক ও পুলিশ কনস্টেবল এমদাদুল হকসহ মোট ১০ জন আহত হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে ২০ রাইফেল ব্যটালিয়নের পাশপাশি ২২ রাইফেল ব্যাটালিয়নের একদল বিডিআর জোয়ানও ঘটনাস্থলে যায়।
আহতদেরকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পরই গোটা এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় অতিরিক্ত পুলিশ-বিডিআর মোতায়েন করা হয়।
এ ঘটনায় বিডিআর-পুলিশ ও ব্যবসায়ীরা যৌথভাবে ইউএনও কার্যালয়ে জরুরি সভায় মিলিত হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল।
আটোয়ারী উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
