২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শিবির ও ছাত্রদল ছাত্রলীগসহ ৬ ছাত্রসংগঠনের সংঘর্ষে ৫০ জন আহত

যশোর এমএম কলেজ ক্যাম্পাসে রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল ও ছাত্রলীগসহ ছয়টি ছাত্র সংগঠনের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আহতদের মধ্যে ১২জনকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগই ছাত্রদলের নেতা--কর্মী।

ক্যাম্পাস সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু ছাত্র--ছাত্রীদের শুভেচ্ছা জানাতে শিবির কর্মীরা কলাভবনের সামনে রাস্তায় ব্যারিকেড দেয়। ছাত্রদল কর্মী মনির তাদের রাস্তা ছেড়ে দিতে বললে শিবির কর্মীরা তাকে চর--থাপ্পর দেয়। এরপর ছাত্রদল, ছাত্রলীগ, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্রমৈত্রী, ছাত্র ফ্রন্ট ও জাতীয় ছাত্রদলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শিবিরকে ধাওয়া করে। এসময় শিবিরকর্মীরাও তাদের ব্যাপক মারধর করে।

এ পর্যায়ে দু’পক্ষের মধ্যে প্রায় আড়াইঘন্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া--পাল্টা-ধাওয়া চলে। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়।

আহতদের মধ্যে রয়েছে ছাত্রদলের মনির, জাহিদ, ছাত্রলীগের কবির হাসান, মুক্ত, রিফাত, ছাত্রমৈত্রীর সালমান, বিপ্লবী ছাত্রমৈত্রীর শওকত, সাইদ, শামিম এবং শিবিরের কবির, রফিক, শাহজাহান ও নূরুজ্জামান প্রমুখ।

এ সময় এএসপি জিল্লুর রহমান, ওসি আবু হেনা মোস্তফা কামাল ও দারোগা করিমও আহত হন বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. জালালউদ্দীন বলেন, ক্যাম্পাস দখলের জন্যে এ সংঘর্ষ বেধেছে।

তিনি জানান, এ বিষয়ে প্রশাসন সন্ধ্যায় আলোচনায় বসবে।  সংঘর্ষের ফলে ভর্তি প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে শিবিরের টেলিফোন পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে আসে। তবে তারা মূলত শিবিরকর্মীদের রক্ষা করেছে বলে বিরোধী পক্ষ অভিযোগ করে।

ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবির কর্মীরা বেলা ৩টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে।

এর আগেও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্রশিবিরের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।