২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবি দাওয়া মেনে নেয়া সংক্রান্ত চিঠি দিয়েছেন রাজশাহীর মেয়র মিনু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৪টি দাবি মেনে নিয়ে আহবায়ক গোলাম রব্বানীর কাছে চিঠি পাঠিয়েছেন রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

৩১ মার্চ স্বাক্ষরিত পত্রটি শিবগঞ্জের ইউএনও শনিবার বিকেলে গোলাম রব্বানীর কাছে হস্তান্তর করেছেন। অবশ্য গোলাম রব্বানী বলেছেন, বিভিন্ন দাবি--দাওয়া মেনে নেয়ার ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। ফলে সকল দাবি মেনে নেয়া হয়েছে বলে আমরা স্বীকার করছি না। এ নিয়ে সংগ্রাম পরিষদের বৈঠকের পর আমরা পরবর্তি প্রতিক্রিয়া ব্যক্ত করবো।

মেয়র মিনুর পত্রে উল্লেখ করা হয়েছে, শিবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুৎকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। ওই ঘটনায় আহত, নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে জনস্বার্থে কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানীর সঙ্গে আলোচনা করে তাদের দাবি--দাওয়া মেনে নেয়া হলো। তবে পত্রে উল্লেখিত ৩ নং দাবি (সাইড কানেকশন জরিমানা বাতিল করতে হবে) ও ৫ নং দাবির (তার ও ট্রান্সফরমান চুরির জন্যে কোনো কৃষকের কাছ থেকে গচ্চা নেয়া যাবে না) ক্ষেত্রে বিবেচনাধীন এবং ১২ নং দাবির (৫০ টাকা জরিমানা ছাড়া বিল গ্রহণের ব্যবস্থা) ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

আরো কয়েকটি দাবি পরিপূর্ণভাবে মেনে নেয়ার বিষয়েও অস্পষ্টতা রয়েছে। দাবি--দাওয়া মেনে নেয়া সংক্রান্ত মেয়র মিনুর পত্রটি চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদেরও সরবরাহ করা হয়।

মেয়র মিজানুর রহমান মিনু গত ২ মার্চ গোলাম রব্বানীর বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকে বসলে গোলাম রব্বানী ১৪ দফা দাবি উত্থাপন করেন। বৈঠক শেষে মেয়র মিনু ১৪টি দাবিই মেনে নেয়া হলো বলে উপস্থিত জনতা ও সাংবাদিকদের সামনে ঘোষণা দেন। তবে দাবি মানার বিষয়ে এই প্রথম লিখিতভাবে পত্র দিলেন মেয়র।

শিবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরতদের ওপর সম্প্রতি পুলিশের একাধিক হামলার ঘটনায় বেশ ক’জন স্থানীয় অধিবাসী প্রাণ হারান।