২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া’য় দর্শনাথী প্রবেশ নিষিদ্ধ: রেস্টুরেন্ট, বিপণীবিতানের ব্যবসায় ধস

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর টারমিনাল ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায়  সেখানে ফাস্টফুড, রেস্টুরেন্টসহ বিভিন্ন বিপণী বিতানগুলোর ব্যবসায় ধস নেমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিরাপত্তার স্বার্থে ২২ মার্চ থেকে জিয়া বিমানবন্দরে দর্শনাথী প্রবেশ বন্ধ করাসহ ভিআইপিদের সাথে আগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে চড়া দামে ভাড়া নেওয়া বিমানবন্দরের ভেতরের ফাস্টফুড, রেস্টুরেন্টসহ বিভিন্ন বিপণীবিতানগুলোর বেচাকেনা এখন  পাচঁভাগের একভাগে নেমে এসেছে।

জানা যায়, ব্যবসায়ীরা স্টল প্রতি কয়েক লাখ টাকা জামানত রেখে তবেই ওইসব দোকানের বরাদ্দ পেয়েছে। স্টলগুলোর ভাড়া ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় এখন ব্যবসায়ীদের প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।

বিমানবন্দরের স্পেস রেস্টুরেন্ট’র একজন ম্যানেজার বিডিনিউজকে জানান, দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর থেকে প্রতিদিন যে খাতে  ৫০ হাজার টাকার বেচাকেনা হতো, এখন তা নেমে এসেছে ১০ হাজার টাকায়।

পরিচালক (জিয়া) উইং কমান্ডার হুমায়ুন কবির বিডিনিউজকে বলেন, সার্ক সম্মেলনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে সাময়িক সময়ের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়।

তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কবে নাগাদ জিয়া বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশের বিষয়ে শিথিল ব্যবস্থা নেওয়া হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে শিগগিরই নিরাপত্তা বিষয়ক সরকারের শীর্ষ পর্যায়ের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।