২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট অংশের তুলনায় বেশি অর্থ ছাড় না করায় দেশে ধাতব মুদ্রার অভাব দেখা দিয়েছে

সীমিত মজুদের কারণে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট অংশের তুলনায় বেশি অর্থ ছাড় না করায় দেশে এক, দুই ও পাঁচ টাকার ধাতব মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক সূত্রে এ কথা জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নাম গোপন রাখার শর্তে বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বাড়িতে মুদ্রা জমানোর কারণে ধাতব মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে। আর এর ফলে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে ধাতব মুদ্রা সরবরাহের ক্ষেত্রে বিরতি দিয়েছে।

তিনি বলেন, বাজারে এখনো প্রচুর ধাতব মুদ্রা রয়েছে। আমরা দৈনিক ভিত্তিতে এগুলো সরবরাহ করছি।

তিনি জানান, বর্তমানে বাজারে ৭৬ লাখ ৮১ হাজার এক টাকার মুদ্রা, ৯৪ লাখ ৮৮ হাজার দুই টাকার মুদ্রা ও ২৪৪ লাখ ৮১ হাজার পাঁচ টাকার মুদ্রা রয়েছে।

শিগগিরই ১০ কোটি পাঁচ টাকার কয়েন সরবরাহ করা হবে বলে তিনি জানান।

বাজারে ধাতব মুদ্রার ঘাটতি থাকার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা স্বীকার করেছেন। তিনি বলেন, পরবর্তী এক বছরে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার চাহিদা মেটাতে সক্ষম হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, কয়েক মাস আগে যেখানে গড়ে প্রতিদিন ১০ লাখ টাকার সমপরিমাণ ধাতব মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক বাজারে সরবরাহ করতো, সেখানে বর্তমানে গড়ে প্রতিদিন পাঁচ লাখ টাকার সমপরিমাণ মুদ্রা বাজারে সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সারা দেশে তার শাখাগুলোতেও র‌্যাশনিংয়ের ভিত্তিতে ধাতব মুদ্রা সরবরাহ করছে।

বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, ২০০৫ সালের ডিসেম্বর থেকে জেলায় মুদ্রা ঘাটতির পরিমাণ প্রকট আকার ধারন করেছে।

বাংলাদেশ ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তারা জানান, মুদ্রার নিয়মিত চাহিদা হচ্ছে এক লাখ টাকার সমপরিমাণ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখা একদিনে মাত্র দশ হাজার টাকার সমপরিমাণ মুদ্রা সরবরাহ করতে পারে।

ঢাকায় মুদ্রার সীমিত সরবরাহের কারণে টাকার বিনিময় মূল্য বৃদ্ধি পেয়েছে। খুচরা ব্যবসায়ী, রেস্টুরেন্ট ও বাস চালকদের বড় নোটের বিপরীতে ধাতব মুদ্রা কিনতে গিয়ে কমিশন হিসেবে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

রাজধানীর গুলিস্তান, সোয়ারীঘাট, ফার্মগেট, মহাখালী ও অন্যান্য এলাকায় ১০০ টাকার সমপরিমাণ পাঁচ ও দুই টাকার ধাতব মুদ্রা পেতে এখন যথাক্রমে ১০৮ ও ১১৫ টাকা দিতে হয়।

এ ধরনের একজন মুদ্রা সরবরাহকারী রিজিয়া খাতুন বলেন, গত দুই মাস ধরে আমরা বর্ধিত মূল্যে মুদ্রা বিক্রি করছি।

দুই টাকা ও পাঁচ টাকার ধাতব মুদ্রার ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, ১০০ টাকার বিপরীতে দুই টাকা ও পাঁচ টাকার ধাতব মুদ্রা বিক্রি করতে গিয়ে তারা পাঁচ থেকে আট টাকা কমিশন নিয়ে থাকেন।