টঙ্গীর আকিজ গ্র“পের প্রন্টিং অ্যান্ড প্যাকেজার্স কারখানায় অগ্নিকাণ্ডে আহত ৩৫, ১ম লিড
টঙ্গীর বিসিক শিল্প নগরীর আকিজ গ্র“পের প্রিন্টিং অ্যান্ড প্যাকেজার্স লিমিটেড কারখানায় শনিবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ কোটি টাকা বলে কারখানা কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনী সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে কারখানার তৃতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
কারখানার প্রহরী খাঁজা মোল্লা ও ফরহাদ জানান, তিনি শনিবার রাত ১২টার দিকে কারখানার তৃতীয় তলার পূর্ব পার্শ্বে প্রথমে আগুনের কালো ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা আগুনের খবরটি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। কর্মকর্তারা টঙ্গী ফায়ার সার্ভিসকে টেলিফোনে বিষয়টি জানালে ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ছুটে আসে।
আগুন ছড়িয়ে পড়লে এক পর্যায়ে তৃতীয় তলার কেমিক্যাল গোডাউনে আগুন ধরে যায়। অবস্থা বেগতিক দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাটি বারিধারা, গাজীপুর, কুর্মিটোলা ও সদরদপ্তরকে অভিহিত করলে সেখান থেকে আরো নয়টি ইউনিট এসে রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত একটানা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নেভাতে গিয়ে কারখানার ২৫জন শ্রমিক ও পাঁচজন দমকল বাহিনীর কর্মীসহ ৩৫ জন আহত হয়। তাদেরকে টঙ্গী ও গাজীপুরের হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত দমকল বাহিনীর সদস্যরা হলেন - গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ - পরিচালক শহিদুর রহমান (৪৫), টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার কর্মকর্তা মাহবুব আলম (৩৯), ফায়ারম্যান মনির হোসেন (২৫), মনিরুল হক (২৬), আহসাদ (৪২)।
আহত কারখানা শ্রমিকদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন - আবুল হোসেন (৪০), আবুল কালাম (৩৫), আবু হানিফ (২৫), রুস্তম আলী (৩২), শফি (৪০), ফরহাদ হোসেন (৪৫), খাঁজা মোল্লা, আব্দুর রশিদ। গুরুতর আহত আহসাদ ও খাঁজা মোল্লাকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, আগুনে কারখানার তৃতীয় তলার টিনের ছাঁদ ও ছাউনি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ব্রান্ডিং সেকশনের বিপুল পরিমাণ মালামাল, গ্রাফিক্স প্রিন্ট, অফসেট প্রিন্ট, টিস্যু পেপার, বোর্ড পেপার, নেভী সিগারেটের পেপার, নেমু কোলা, রং সিগারেটের ফোম, ফিল্ম, কালি এবং স্টোর রুমের সব ধরনের কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আলী হাসান জানান, অগ্নিকাণ্ডে কারখানার পাঁচ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ফ্যাক্টরির কর্মীরা জানান, এই ফ্যাক্টরিতে আকিজ সিগারেটের ছাপার কাজ এবং কার্টন তৈরি করা হতো। ফ্যাক্টরিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। শুক্রবার ফ্যাক্টরি বন্ধ থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
