২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের পরিকল্পনা: কনস্টেবল সর্বস্ব নয়, অফিসার সর্বস্ব পুলিশ বাহিনী

কনস্টেবল সর্বস্ব পুলিশ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে অফিসার ভিত্তিক বাহিনীতে পরিণত করতে চায় সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সূত্র জানায়, যত শিগগির সম্ভব পুলিশ বিভাগে ২৫ হাজার পুলিশ সদস্য নিয়োগ দিয়ে ২৫ শতাংশ জনবল বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ পুলিশের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ ইন্সপেক্টরদের পরিবর্তে এএসপি পর্যায়ের কর্মকর্তাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছে।

তবে আইন শৃঙ্খলা সম্পর্কিত কেবিনেট কমিটি সোমবার এ প্রক্রিয়ার ব্যাপারে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন বলে সূত্র জানায়।

অন্যদিকে কেবিনেট কমিটি পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের (পিআরবি) বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করে।

বৈঠক সূত্র জানায়, পিআরবি সংস্কারে দু বছর আগে একটি কমিটি গঠন করা হয়েছিল। সে ব্যাপারে সোমবার ওই কমিটি একটি রিপোর্ট পেশ করে। বৈঠকে ওই কমিটির কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠক সূত্র আরো জানায়, মন্ত্রীসভার আগামী বৈঠকে পিআরবি সংস্কারের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে ওই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত পিআরবি সংস্কার কমিটির একজন সদস্য জানান, তারা অর্থনৈতিক চাহিদা অনুযায়ী একটি নতুন রিপোর্ট জমা দেবেন।

সূত্র মতে, পুলিশের বর্তমান জনবল এক লাখ ১৮ হাজার। এর মধ্যে ৮০ হাজারই কনস্টেবল।

সূত্র জানায়, এএসপি থেকে আইজিপি পর্যায়ের ১,২৪৭ জন কর্মকর্তা রয়েছে। প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে ওই পর্যায়ের কর্মকর্তা  ৩,১১৬ জনে উন্নীত করা হবে।

বৈঠকে বিভিন্ন পাড়া মহল্লায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া ২৩ শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদাবাগির ব্যাপারেও এসময়  আলোচনা করা হয়।

বৈঠক থেকে বার্ড ফ্লু রোধে বিডিআর সদস্যদের সীমান্ত এলাকায় টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মন্ত্রী পরিষদ সচিব, সংস্থাপন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিব।