জঙ্গিবাদবিরোধী চেতনায় জাতি রোববার স্বাধীনতা দিবস পালন করবে
স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গ করা ত্রিশ লাখ বীর শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা - বোনের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন এবং দেশে জঙ্গিদের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধের শপথ নিয়ে জাতি রোববার ৩৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করতে যাচ্ছে।
মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বাঙ্গালির শ্রেষ্ঠসন্তানদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এদিন জাতি শপথ গ্রহণ করবে।
হাজার বছরের ইতিহাসে বাঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার এ ঘোষণার মধ্যে দিয়ে শুরু হয় পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আর সেই সাথে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের নতুন একটি দেশ স্থান করে নেয়।
বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের লাখ লাখ শান্তিপ্রিয় বাঙ্গালি স্বাধীনতা ও মুক্তি অর্জনের লক্ষ্যে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়।
মেজর জিয়াউর রহমান অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আরো একবার স্বাধীনতার ঘোষণা দিলে বাঙ্গালি জাতি আরো উজ্জ্বীবিত হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে পূর্ব পাকিস্তানের নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ মানুষের ওপর হায়েনার মতো ঝাপিয়ে পড়লে বাঙ্গালি জাতিও বসে থাকেনি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তারাও শুরু করে গেরিলা যুদ্ধ।
বহুবছরের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে গড়ে ওঠে বাঙালি চেতনা, তারই পথ ধরে ১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
পাকিস্তানের সামরিক জান্তা নির্লজ্জভাবে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, শুরু করে ষড়যন্ত্র। সংখ্যাগরিষ্ঠরা যাতে পার্লামেন্টে সরকার গঠন করতে না পারে সেজন্যে একদিকে তারা সরকার গঠনের প্রক্রিয়া স্থগিত করে দেন ও অপরদিকে সবধরনের বাঙ্গালি জাতীয়তাবাদী আন্দোলন ও শক্তি নস্যাৎ করে দিতে গণহত্যা শুরু করেন।
কিন্তু সাহসী বাঙ্গালি ঘরে বসে থাকেনি। বাঙ্গালি পুলিশ, আধাসামরিক এবং সামরিক বাহিনীর সহযোগিতায় সাহসী বাঙ্গালিরা স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্যে অস্ত্র হাতে তুলে নেয়।
যুদ্ধ করতে গিয়ে খাবার, আশ্রয়, প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদের অভাব থাকলেও দেশমাতৃকাকে রক্ষা করতে সর্বস্তরের জনগণের সহায়তায় দীর্ঘ নয়মাস যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে।
১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করার পাশাপাশি রাজাকার, আলবদর, শান্তিবাহিনী বিভিন্ন নামের দেশীয় পাকিস্তানি দোসরদের পরাজিত করে মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানপন্থি অপশক্তি শোচনীয় পরাজয় বরণ করলেও স্বাধীনতার ৩৫ বছর পর তারাই আজ রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী ও পাকিস্তানি সামরিক বাহিনীকে গণহত্যা পরিচালনায় অন্যতম সহযোগীর ভূমিকা পালন করা জামায়াতে ইসলামী বাংলাদেশ এখন ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের অন্যতম শরীক। একদা মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকা মওদুদীপন্থিরা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে। ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই জামায়াতের সদস্য এখন মন্ত্রিপরিষদের সদস্যও বটে।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তার বাণীতে বলেন, জাতীয় অগ্রগতিকে নিশ্চিত করতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলাই ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য। দেশ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পরিবেশ, গ্রামীণ অবকাঠামো, নারীর ক্ষমতায়ন, সড়ক ও টেলিযোগাযোগ, স্যানিটেশন, নিরাপদ পানি সরবরাহসহ অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাণীতে বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সকল চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদ এবং নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তিকে মোকাবেলায় দেশ সফলতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ নির্মূল ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করতে প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সরকার সাম্প্রদায়িক জঙ্গি বাহিনী তৈরি করায় দেশের জনগণ এখন চরম দুঃসময়ের মধ্যে দিন কাটাচ্ছে। সাম্প্রদায়িক শক্তি গ্রেনেড ও বোমা হামলা এবং মানুষ হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি থেকে দেশকে রক্ষা এবং গণতন্ত্র, সুশাসন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি পার্লামেন্টে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছেন।
বাণীতে তিনি জোট সরকারের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আওয়ামী লীগ সভানেত্রী জনগণের প্রতি আহ্বান জানান।
২৬ মার্চ জাতীয় ছুটির দিন। ২৫ মার্চ রাত ১২টা বাজার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটিকে স্বাগত জানানো হবে।
বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এর পরপরই ক্ষমতাসীন ও বিরোধী দল, সামাজিক - সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা এবং একে একে সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।
দিনটি উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জিত করা হবে।
রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ৯টায় বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনী, বিএনসিসি, বাংলাদেশ কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ভিডিপি এবং মুক্তিযোদ্ধারা সালাম গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির সালাম গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বৃহৎ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জাতীয় অনুষ্ঠানের মধ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন, ফুটবল টুর্নামেন্ট, দেশীয় খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী বাদ্যদল রাজধানীর ক্রিসেন্ট লেক, ফার্মগেট ও মিরপুর স্টেডিয়ামে পৃথক পৃথকভাবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাদ্য পরিবেশন করবে।
পাশাপাশি রাজধানীর সদরঘাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা এবং বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি জাহাজ বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জনগণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে।
