লালমনিরহাটে ইউরিয়া সারের তীব্র সংকট, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধায়নে সার বিতরণ
লালমনিরহাটে সারের মজুদ শেষ হয়ে আসায় ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থেকেও কৃষকরা সার পাচ্ছে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিলারদের দোকানে মোতায়ন করা হয়েছে পুলিশ। ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে সার বিতরণ তদারকি করছেন।
ইরি- বোরোর শেষ মওশুমে পৌনে তিনশ টাকার ইউরিয়া সারের মূল্য সাড়ে তিনশ থেকে চারশ টাকায় দাঁড়ানোয় কৃষকরা ইউরিয়া সারের জন্য দিশেহারা হয়ে পড়েছে।
বিসিআইসি’র ডিলাররা বলছেন, বাফা’র গুদামে সার সংকট থাকায় চাহিদা অনুপাতে সামান্য কিছু সার সরাসরি মিল গেট থেকে ট্রাকযোগে লালমনিরহাটে পাঠানো হচ্ছে। লালমনিরহাট জেলায় প্রতিদিন যেখানে ২৫ ট্রাক সার প্রয়োজন সেখানে প্রবেশ করছে মাত্র চার/পাঁচ ট্রাক। কোন কোন এলাকার জনপ্রতিনিধিরা জানান, ১২/১৩ দিন ধরে তাদের এলাকায় কোন সার পাওয়া যাচ্ছে না।
এদিকে, লালমনিরহাট পাটগ্রামের সার ডিলার ফারুক ট্রেডার্স-এ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সার বিতরণ করার পর মজুদ শেষ হলে প্রায় এক হাজার কৃষক সার না পেয়ে ফিরে যায়। এ ঘটনায় ওই এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। একই ঘটনা ঘটে বৃহস্পতিবার বড়খাতা বাজারে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠি চার্জ করতে হয়। পর্যবেক্ষকমহলের মতে আগামী দুই/এক দিনের মধ্যে সার পরিস্থিতি স্বাভাবিক না হলে এ অঞ্চলে সার নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
