কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হাতে দারোয়ানসহ ৩ জন খুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী অলিশাহ বাজার এলাকায় শুক্রবার ভোর রাতে ডাকাতের হাতে দারোয়ানসহ তিনজন নৃশংসভাবে খুন হয়েছে । নিহতরা হল- অলিশাহ বাজারের দারোয়ান মোহাম্মদ হোসেন (৫৮), দোকানদার নুরুল আলম (২০) ও উচিতার বিল গ্রামের দোকানদার মঞ্জুর আলম (১৮)।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত অলিশাহ বাজারে হানা দেয়। এসময় বাজারের দারোয়ান বাধা দিলে ডাকাত দল তার গলায় লোহার রড দিয়ে চেপে ধরে হত্যা করে। পরে পার্শ্ববর্তী দোকানদার নুরুল আলম এগিয়ে এলে তাকেও একই কায়দায় হত্যা করে। এ ঘটনার পর ডাকাত দল সেখান থেকে দুই কিলোমিটার দুরে উচিতারবিল গ্রামে হানা দেয়। এসময় ওই গ্রামের দোকানদার মঞ্জুর আলম ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকেও গলায় রড দিয়ে চেপে ধরে হত্যা করা হয়।
চকরিয়া থানা পুলিশ সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি মামলা রেকর্ড হয়েছে।
তবে পুলিশ সন্দেহজনকভাবে চকরিয়া পালাকাটার মোঃ ইসহাক ও ফাঁসিয়াখালী এলাকার নুরুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে।
