২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধা: হাইকোর্টের সামনে অনুষ্ঠিত হতে পারলো না শান্তির সপক্ষে নীলিমা

অহিংস কর্মসূচি শান্তির সপক্ষে নীলিমায় অংশ নিতে আসা লোকজনকে হাইকোর্টের সামনের রাস্তায় দাঁড়াতে দেয়নি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশি বাধার মুখে বৃহস্পতিবার বিকেলে পূর্ব ঘোষিত ওই কর্মসূচি শেষ পর্যন্ত পালিত হয় নগরীর সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের রাস্তার ফুটপাথে।

আয়োজকরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।  

গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়ে আসছে।

২৩ মার্চ বৃহস্পতিবার হাইকোর্ট চত্বরে এই কর্মসূচিতে অংশ নিতে আসা নেতা কর্মী সমর্থক এবং কিবরিয়া পরিবারের সদস্যরা জড়ো হলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের জানিয়ে দেন-- এখানে দাঁড়ানো যাবে না। কারণ জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী এ পথ দিয়ে যাবেন।

শাহ্ এএমএস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া বিডিনিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নিরব প্রতিবাদ সহ্য করতে পারবেন না, প্রতিবাদের লেখা দেখতে রাজি হবেন না-  এটি কোন ধরনের গণতন্ত্র? আমরা তো প্রধানমন্ত্রী বা অন্য কাউকে আক্রমণের জন্যে এ কর্মসূচি পালন করছি না!

তিনি বলেন, আমরা একটা নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি অহিংস নীতিতে, নিরব কর্মসূচির মাধ্যমে। অথচ শান্তিপূর্ণ উপায়েও সরকার প্রতিবাদ করতে দেবে না-- এটি কেমন কথা? প্রধানমন্ত্রী যদি প্রতিবাদের এই ভাষাটুকুও পড়তে রাজি না হন, তাহলে দেশে গণতন্ত্র কোথায়?

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতা অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী এবং রেজা কিবরিয়াসহ তার পরিবার সদস্য, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী ছাড়াও বিভিন্ন স্তরের নারী পুরুষ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।