২০০৬ সাল শতাব্দীর উষ্ণতম বছর হয়ে উঠতে পারে
চলতি ২০০৬ সাল শতাব্দীর উষ্ণতম বছর হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২০০৫ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। কিন্তু এবার বাংলাদেশের প্রকৃতি তাকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব আবহাওয়া দিবসের আগে আবহাওয়াবিদরা এ আশংকা করেছেন। বৃহস্পতিবার সারা বিশ্বের মত বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস।
বিগত চার মাসের অনাবৃষ্টি আবহাওয়াবিদদের এই ধারণাকে আরো শক্ত ভিত্তি দিয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞ এবং আবহাওয়া দপ্তরের পরিচালক আকরাম হোসেন আশংকা প্রকাশ করে বলেছেন, চলতি বছরই হতে পারে শতাব্দীর উষ্ণতম বছর।
তিনি বলেন, ১৯৯৮ সালে দেশ ব্যাপক খরা মোকাবেলা করলেও পরের তিন বছর -- ১৯৯৯, ২০০০ এবং ২০০১ সালের আবহাওয়া ছিল স্বাভাবিক।
‘তবে আবার ২০০২ সাল থেকে বাড়তে শুরু করে উষ্ণতা। এটা অবনতি হতে হতে গত বছর ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর,’ বললেন আকরাম হোসেন।
গত বছরের মাঝামাঝি থেকে আবহাওয়া আরো বিরূপ আচরণ করতে শুরু করে।
আকরাম হোসেন বলেন, ঘূর্ণিঝড় হয়নি, ছিলনা কাংখিত নিম্নচাপ। বৃষ্টিও হয়েছে কম। শীতকাল মৌসুম ছিল ক্ষণস্থায়ী। ফেলে আসা শীতে দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, টানা চার মাস চলছে প্রায় বৃষ্টিহীন। এটাকে কোনোভাবেই প্রকৃতির স্বাভাবিক আচরণ বলা যাবে না।
তবে তিনি বলেন, মে - জুন মাসের তাপমাত্রা রের্কড করার আগে নিশ্চিত করে বলা যাবে না যে ২০০৬ সাল আগের বছরের তুলনায় উষ্ণ হবে কিনা।
চলতি মার্চ মাসের প্রথম ২১ দিন দেশে বৃষ্টি হয়েছে মাত্র ৫৩ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় মাত্র তিন শতাংশ। প্রকৃতি স্বাভাবিক আচরণ করলে এ সময় ১৭৬০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা।
আবহাওয়াবিদ কামরুল ইসলাম জানান, আগামী তিন দিনে রাজশাহী ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, ‘তবে আগামী কয়েক দিন বৃষ্টি হলেও তা কোনোভাবেই পরিস্থিতিকে স্বাভাবিক করবে না।’
ফেব্র“য়ারি মাসে দেশে সাধারণত ৮৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। অথচ এ বছর ফেব্র“য়ারি মাসে মোট বৃষ্টিপাত হয়েছে ৭৮ মিলিমিটার। এ পরিমাণটা স্বাভাবিকের মাত্র ১০ শতাংশ।
জানুয়ারি মাসে দেশে ৩০৮ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। অথচ এ সময়কালে এবার বৃষ্টিই হয়নি।
ডিসেম্বর মাসে স্বাভাবিকের ৫৮ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। এর পরিমাণ ছিল ১৯১ মিলিমিটার।
আর নভেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৪৪২ মিলিমিটার নির্ধারিত থাকলেও হয়েছে মাত্র ১৩০ মিলিমিটার। যা স্বাভাবিকের মাত্র ৯ শতাংশ।
