২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএফআই’র জিঞ্জাসাবাদে বাংলাভাই: রাজশাহীর বাগমারা, রানীনগর ও আত্রাই এলাকার হত্যাযজ্ঞ ইসলামী শরীয়া মোতাবেক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র অপারেশনাল কমান্ডার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই দাবি করেছেন, তিনি ও তার বাহিনী রাজশাহীর বাগমারা, রানীনগর ও আত্রাই এলাকায় যেসব হত্যাযজ্ঞ করেছেন তা ইসলামী শরীয়া মোতাবেকই করেছেন।

আবু সুফিয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 03:18 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

‘গাছে ঝুলিয়ে এবং ক্যাম্পে নিয়ে পিটিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তারা সবাই ছিল সর্বহারা দলের সদস্য। তাদের শায়েস্তা করার জন্যই হত্যা করা হয়েছে। আমি যা করেছি ইসলামী আইন-কানুন মেনেই করেছি,” বাংলা ভাইকে উদ্ধৃত করে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজকে এ তথ্য জানান।

এছাড়া রাজশাহীতে জেএমবি’র উত্থান ও হত্যাযজ্ঞে তাকে মদদ ও সহায়তার জন্য তৎকালীন পুলিশ প্রশাসনকেও অভিযুক্ত করেছেন এই জঙ্গি নেতা ।

টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদে গত মঙ্গলবার রিমান্ডে নেওয়ার প্রথম দিন থেকে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের বিভিন্ন ধাপে বাংলা ভাই হিসেবে পরিচিতি কুখ্যাত এই জেহাদী ঘুরিয়ে ফিরিয়ে তার উগ্রবাদী সংগঠনকে প্রত্যক্ষ সহায়তাকারী হিসেবে চিহিৃত করেছেন তৎকালীন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকে।

“আমাদের কর্মকান্ডে রাজশাহী পুলিশ কখনও বাধা দেয় নাই। বরং তারা বিভিন্ন ধরণের সহায়তা দিয়েছে। ফলে আমরা মনে করেছিলাম যে আমরা যা করছি তা ঠিক,” বাংলা ভাইকে উদ্ধৃত করে র‌্যাব এর কর্মকর্তা বিডিনিউজকে এ তথ্য জানান।

সূত্র জানায়, অত্যন্ত ঠান্ডা মাথায় মানুষ খুন করতে সিদ্ধহস্ত বাংলা ভাই টিএফআই এর জিজ্ঞাসাবাদেও অত্যন্ত ধীরস্থির ও চতুরতার সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে।

‘হি ইজ এ হার্ড নাট’, এভাবেই বাংলা ভাই এর সর্বশেষ অবস্থা ব্যখ্যা করেছেনে র‌্যাব কর্মকর্তারা। 

‘শক্ত নার্ভের’ বাংলা ভাইকে প্রশ্ন করা হলে সে উল্টো প্রশ্ন ছুড়ে দিচ্ছে টিএফআই কর্মকর্তাদের উদ্দেশ্যে, র‌্যাব সূত্র জানায়।

টিএফআই এর জিজ্ঞাসাবাদের ধাপ সম্পর্কে বর্ণনা দিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, যেহেতু সে হাইপ্রোফাইল ক্রিমিনাল, সুতরাং তাকে অত্যন্ত সুবিন্যস্ত উপায়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার ও বুধবার প্রাথমিক পর্যায়ের জিজ্ঞাসাবাদে তার অতীত, শিক্ষা, চাকুরী, বেড়ে উঠা এবং রাজশাহীতে ঘাঁটি গাড়া বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

‘এছাড়া তার জঙ্গি সংগঠনকে মদদদানকারীদের নাম ও হত্যাকান্ডের বিষয়েও তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে,” র‌্যাব কর্মকর্তা জানান।

গত ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছার রামপুর ইউনিয়নের একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয় ভয়ঙ্কর জঙ্গি বাংলা ভাইকে। গ্রেফতার অভিযানের সময় বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হয় সে তার তার দেহরক্ষী। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ মেডিকেলে।

ওই দিনই বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকার বিডিআর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার তাকে ময়মনসিংহ আমলি আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।