২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার আদালত মঙ্গলবার আজকের কাগজ খাগড়াছড়ি প্রতিনিধি কামাল হোসেন হত্যা মামলার রায়ে একজনের বিরুদ্ধে ফাঁসি এবং আরো ১১ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ট্রাইব্যুনালের বিচারক এইচএম মুস্তাক আহমেদ ১১ আসামির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালত মোট ২৬ জন আসামির মধ্যে ১৪ জনকে খালাস প্রদান করেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ সিরাজ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২১ আগস্ট একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে কামাল হোসেনকে অপহরণ করে নিয়ে যায়।

পরের দিন তার মৃতদেহ মানিকছড়ি উপজেলায় তার গ্রামের বাড়িতে পাওয়া যায়।

জনাকীর্ণ আদালতে ১৪জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বিচারক এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হল-- জাকির হোসেন সিরাজ, মোহাম্মদ হানিফ মেম্বার, মাসুদ পারভেজ, মোমতাজ হোসেন, বাবুল মিয়া, রফিক মিয়া, চনচরণ ত্রিপুরা, তাহের আহমেদ, জাহাঙ্গীর আলম, মিল্টন ত্রিপুরা এবং আবুল কালাম আজাদ।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী অন্যদিকে আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং মানজার আনসারী।