ভারত ‘শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ’ আশা করে: ড. মনমোহন সিং
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মঙ্গলবার বলেছেন, ভারত এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের স্বার্থে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ কাম্য।
সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারত, দক্ষিণ এশিয়া এবং সামগ্রিকভাবে এশীয় অঞ্চলের স্বার্থে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশই কাম্য’।
ড. সিং নিকট প্রতিবেশী দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পকের নতুন দ্বার উন্মোচনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
মনমোহন সিং বলেন, তিনি (খালেদা জিয়া) একজন সম্মানিত অতিথি এবং বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশ দুটি দ্বিপাক্ষিক সকল ইস্যু নিয়ে আলোচনা করবে।
আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ শেষে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, সকল বিষয় নিয়ে আলোচনা করতে তিনি ‘খোলা মন’ নিয়ে এসেছেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন দিনের সফরে সোমবার দিল্লি পৌঁছান।
দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে দুদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হবে বলে খালেদা জিয়া আশা প্রকাশ করেন।
