বীর প্রতীক তারামন বিবিকে ‘আলোকিত নারী’ সম্মাননা প্রদান
উইমেন্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিএফ) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্যে বীর প্রতীক তারামন বিবিকে আলোকিত নারী সম্মাননা ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা প্রদান করেছে।
ডব্লিউডিএফ’র পক্ষে মিডিয়া সমন্বয়কারী সাজ্জাদুর রহমান মামুন ও মিডিয়া কমিটির সদস্য মোঃ মহিউদ্দিন খান মঈন তারামন বিবিকে সম্মাননা ক্রেস্ট ও যুবক ফোনের সৌজন্যে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর লালমাটিয়ায় রোববার ডব্লিউডিএফ আয়োজিত ‘এসো নিজে করি’ কার্যালয়ে এক অনুষ্ঠানে এ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
তারামন বিবি ছাড়াও ডব্লিউডিএফ আরো নয়জন নারীকে পুরস্কৃত করেছে। তারা হলেন- রাবেয়া খাতুন (সফল মা), রোকেয়া আফজাল রহমান (উদ্যোক্তা), হেনা দাস (নারী নেত্রী), রাণী হামিদ (খেলোয়াড়), ক্যাপ্টেন ইয়াসমিন রহমান (পেশাজীবী), কবরী সরোয়ার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), সাবিনা ইয়াসমিন (সঙ্গীত শিল্পী), ফরিদা পারভীন (সঙ্গীত শিল্পী) এবং সেলিমা সাবিহ্ (সাংবাদিকতা)। যুবক ফোনের উদ্যোগে তাদের প্রত্যেককে ক্রেস্ট ও ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
