নানা জটিলতা ও রাজনৈতিক হিসাব নিকাশে আলোচনার টেবিলে গড়াচ্ছে না সংস্কার ইস্যু
‘তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে’ সরকার ও বিরোধী দল এখন পরস্পরের বিরুদ্ধে বাক্যবাণের মধ্যেই সীমাবদ্ধ। রাজনীতির মাঠে ময়দানে এ নিয়ে আলোচনা চললেও নানা জটিলতা ও রাজনৈতিক হিসাব নিকাশে ইস্যুটি আলোচনার টেবিল পর্যন্ত গড়াচ্ছে না। সংসদে চিফ হুইপের টেলিফোন প্রস্তাবের পর এ ব্যাপারে নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর কমিটি গঠনের প্রস্তাবের পর তিন সপ্তাহেও এ ব্যাপারে নেই কোনো অগ্রগতি। এই অচলাবস্থা ও দোদুল্যমানতার মধ্যেই সরকারকে টার্মস অব রেফারেন্স’র ভিত্তিতে লিখিত ও সুনির্দিষ্ট আলোচনা প্রস্তাবের দাবী জানিয়ে দু’সপ্তাহের জন্যে আমেরিকা গেছেন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। অন্যদিকে সোমবার তিন দিনের জন্যে ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এ অবস্থায় সংস্কারের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে।
সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকা এবং দেশে কোনো নির্বাচনও হতে দেওয়া হবে না Ñ আওয়ামী লীগসহ ১৪ দলের এমন ঘোষণায় দেশের পরবর্তী নির্বাচন আদৌ সংস্কারের ভিত্তিতে হবে কী না এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
অবশ্য দেশী -- বিদেশী চাপের মুখে জোট সরকার শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাব মানতে বাধ্য হবে বলেও বিরোধী নেতা কর্মীরা মনে করছেন।
বিরোধী দলের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, দেশের সর্বস্তরের মানুষ সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। অন্যদিকে, বিদেশী সংস্থাগুলোও সংস্কারের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ ব্যাপারে সরকারের ওপর তাদের চাপও রয়েছে। এছাড়া নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের মানুষের কাছে তা যেমন গ্রহণযোগ্য হবে না। দাতা গোষ্ঠীর কাছেও তা হবে অগ্রহণযোগ্য। বিদেশী সংস্থাগুলোর পক্ষে ইতোমধ্যে এ ব্যাপারে সুষ্পষ্ট ঘোষণাও এসেছে।
এদিকে জোট সরকার সংস্কারের ব্যাপারে আদৌ আন্তরিক নয় -- বিরোধী শিবির থেকে শুরু থেকেই এমন অভিযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্ষমতাসীন জোটের বিভিন্ন স্তরের নেতা ও মন্ত্রীদের বক্তব্য সরকারের সদিচ্ছার অভাবের কথাই প্রমাণ করে বলে বিরোধী নেতারা মন্তব্য করেছেন।
বিশেষ করে গত ২৮ ফেব্র“য়ারি জাতীয় সংসদের বিশতম অধিবেশনের সমাপনি ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর কমিটি গঠনের প্রস্তাব এবং পরবর্তীতে সংস্কারের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা ও তার বিভিন্ন জনসভার ভাষণে সংস্কারের বিষয়গুলো নাকচ করে দেওয়ার ঘটনা নতুন করে সংকট সৃষ্টি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
এই পরিস্থিতিতে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে বলেও বিরোধী দলের নেতারা ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি এ বিষয়ে বিডিনিউজকে বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ও আচরণই প্রমাণ করে জোট সরকার সংস্কার বাস্তবায়নের ব্যাপারে মোটেও আন্তরিক নয়। জাতীয় সংসদে দাঁড়িয়ে দেড় ঘন্টার দীর্ঘ ভাষণের মধ্যে এক লাইনে তিনি কমিটি গঠনের কথা বললেন। কিন্তু ওই কমিটি ‘সংসদীয়’ না ‘পার্টি টু পার্টি’ হবে -- এতোদিনেও তা ষ্পষ্ট করা হয়নি।
তিনি বলেন, অন্যদিকে প্রধানমন্ত্রী আমাদের প্রস্তাব একটার পর একটা নাকচ করে দিচ্ছেন। আসলে বিভিন্ন টালবাহানা করে সময় কাটিয়ে যেনতেনভাবে একটা নির্বাচন করতে চায় তারা। কিন্তু আমাদের দাবীকে পাশ কাটিয়ে ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
জিল্লুর রহমান বলেন, সংস্কারের দাবীতে জনগণ জেগেছে। জনগণের এ দাবী শেষ পর্যন্ত না মেনে পারবে না সরকার। তবে তখন হয়তো হাতে সময় থাকবে খুবই কম।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী দৃঢ়তার সঙ্গে বলেন, ইয়াহিয়া -- আইয়ুবও জনগণের দাবী মানতে চাননি। কিন্তু জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল স্বৈরাচারই পরাজিত হতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, সংস্কারের পক্ষে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক -- এটা বিদেশীরাও চায়। বিরোধী দলের আন্দোলন এবং দেশী বিদেশী চাপসহ সার্বিক পরিস্থিতি সরকারকে দাবী মানতে বাধ্য করবে বলে মন্তব্য করেন সাজেদা চৌধুরী।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জোট সরকার জাতীয় ও আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। সরকারের সদিচ্ছা না থাকলেও আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবী মানতে বাধ্য করা হবে।
গণফোরাম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে সরকার চালাকি করছে। প্রধানমন্ত্রী একদিকে আলোচনা ও কমিটি গঠনের কথা বলছেন। অন্যদিকে প্রস্তাব নাকচ করে দিয়ে সংস্কারের বিপক্ষে কথা বলছেন। জনগণের সামনে এ সকল ‘গ্যালারি শো’ বন্ধ করে প্রধানমন্ত্রীকে নিয়ত ঠিক করার পরামমর্শ দেন তিনি।
সাইফুদ্দিন আহমেদ মানিক বলেন, কমিটি বানিয়েই সংস্কার করতে হবে, বিষয়টি এমন নয়। নানা ফর্মে এই আলোচনা এবং রূপরেখা চূড়ান্ত হতে পারে। এসব বিষয়ে আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। খালেদা জিয়ারও রয়েছে। সুতরাং সরকারকে নিয়ত ঠিক করে দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই তা আদায় করা হবে।
