২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের সবাইকে খুঁজে বের করা সরকারের কর্তব্য : অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল বলেছে, যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের সবাইকে খুঁজে বের করা সরকারের কর্তব্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

অ্যামনেষ্টির এক বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তির বিরুদ্ধে  বোমাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা সরকারের কর্তব্য। এক্ষেত্রে যে দু’জনের নাম অভিযোগের তালিকায় এসেছে তাদেরও তদন্তের মুখোমুখি করতে হবে। 

অ্যামনেষ্টি তাদের বিবৃতিতে জানায়, সরকারের বা তার শরীক দলের কারো বিরুদ্ধে যদি জঙ্গি পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠে তাদের নিরপেক্ষ বিচার করতে হবে।

অ্যামনেষ্টি শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের গ্রেপ্তারের ঘটনার কথা উল্লেখ করে  জানায়, মিডিয়ার রিপোর্টে বারবার বলা হয়েছে এসব জঙ্গিদের সঙ্গে সরকারের একটা অংশের সম্পৃক্ততা রয়েছে।

অ্যামনেস্টি জঙ্গিবাদের ঘটনায় বিএনপির কয়েক সাংসদ এবং মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনায় বিএনপির সাংসদ আবু হেনার বহিস্কারের বিষয়টিও উল্লেখ করে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুসের ওপর হামলার ঘটনার কথা বলা হয় এবং বলা হয়, এসব ঘটনার তদন্ত করতে না পারাটা সরকারের একটা ব্যর্থতা।

২০০২ সালের ডিসেম্বরে ময়মনসিংহের চারটি সিনেমা হলের বোমা বিস্ফোরনের সঙ্গে জেএমবি জড়িত সরকারের এমন বক্তব্য সম্পর্কে বলা হয়, এ ঘটনায় লেখক শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী এবং সাংবাদিক এনামুল হক চৌধুরীকে জড়িয়ে তাদের যে নির্যাতন করা হয় তার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।

অ্যামনেষ্টি সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার আইনগুলো মেনে চলার আহ্বান জানায়।