সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষে আহত ১০
সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে তিন চিকিৎসক ও চার শিক্ষার্থীসহ কমপক্ষে দশজন আহত হয়েছে।
আহতদের চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্য তিনজনকে আল--আরাফাহ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আহতরা হচ্ছে চিকিৎসক মোহাম্মদ মঞ্জুর মোরশেদ, পুলক বণিক ও নূর ই এলাহি মিম এবং পঞ্চম বর্ষের ছাত্র রাজিব আল আমিন।
অন্যান্য আহতদের মধ্যে চতুর্থ বর্ষের ছাত্র পাভেল, সুমন এবং রাজিবকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের কর্মকা-ে হঠাৎ আক্রমণ চালায় এবং এলোপাতাড়িভাবে সবাইকে মারতে থাকে।
সংঘর্ষের কারণে পুরো ক্যাম্পাসে এবং নিকটবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই’র সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেনি।
