২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজের হলগুলো ফাঁকা, ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত

ইডেন মহিলা কলেজের চারটি হলের ছাত্রীদের হল ত্যাগের পর শূন্য ক্যাম্পাসে বুধবার পূর্বনির্ধারিত ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে ডিগ্রী পরীক্ষার্থীদের বাইরে অন্যকারো উপস্থিতি ছিলোনা বললেই চলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

কলেজ কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশে বলা হয়, ১৫ ও ১৬ মার্চ ডিগ্রি পরীক্ষা এবং ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ২৭তম বিসিএস পরীক্ষার জন্য কলেজের সকল ক্লাশ স্থগিত করা হয়েছে।  

বুধবারেও ক্যাম্পাসে ছাত্রদল কর্মীদের তৎপরতা অব্যহত ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটায় খোদেজা খাতুন হলের কাছে পুকুরপাড়ে ছাত্রদল নেত্রী রুমা, সীমা, নিশিতা, উর্মি, রেহানা একজন ছাত্রীকে মারধোর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। ছাত্রীর নাম জানা যায়নি। দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে ছাত্রদল নেত্রী রুবিনা ও সাগরকেও দেখা যায়।

এদিকে অধ্যক্ষ ফিরোজা বেগম সাংবাদিকদের বলেন, গুটিকতক মেয়েদের কথায় তিনি পদত্যাগ করবেননা। 

ছাত্রীদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, বাইরের কোন অপশক্তির সুপরিকল্পিত প্রশ্রয়ে গুটিকতক ছাত্রী এ আন্দোলন করেছে। তারা শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার জন্য এ আন্দোলন করেছে। তিনি আরো বলেন, বামফ্রন্টের বহিরাগত গুটিকতক ছাত্রীই এ আন্দোলন করেছে।

সোমবার সারারাত ছাত্রীরা রাস্তায় অবস্থানের সময় সেখানে না আসার প্রশ্নে অধ্যক্ষা বলেন, “বাম দলের কিছু মেয়েরা সারারাত তাদের ছেলে বন্ধুদের এনে রাস্তায় মজা করেছে। নিরাপত্তাহীনতায় কথা ভেবেই আমি রাতে সেখানে যাইনি। তবে, তিনি রাতে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রেখেছেন বলে দাবি করেন।     

হল সুপার জুলেখা খাতুন ও অন্যান্য হাউজ টিউটরদের সামনে ছাত্রদল নেত্রীরা সাধারণ ছাত্রীদের মারধর করেছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এসময় শিক্ষকদের পক্ষে তাদেরকে মেরে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হওয়া সম্ভব নয়। যারা মেরেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে হল ত্যাগের নির্দেশ দেওয়ার পরও ছাত্রদল নেত্রীদের হলে অবস্থানের অভিযোগ এনেছে ছাত্রীরা। তবে এ অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষা ফিরোজা বেগম। তিনি ছাত্রীদের হলে প্রবেশের ব্যাপারে বলেন, কেবল বৈধ ছাত্রীরাই হলে উঠতে পারবে।

ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল সাংবাদিকদের বলেন, ইডেন কলেজে দু’বছর যাবৎ ছাত্রদলের কোন কমিটি নেই। কেননা কমিটি গঠনের জন্যে যেসব বৈশিষ্ট্য থাকা দরকার তা সেখানে নেই।

এদিকে, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইডেন কলেজে এ রকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধ্যক্ষের পদত্যাগ ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ সকালে ইডেন কলেজের ছাত্রীদের ওপর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বৃহস্পতিবার থেকে খোদেজা খাতুন হলে(পুরাতন হল) ছাত্রদল নেত্রীদের অবৈধ সিট বানিজ্য এবং হল থেকে বৈধ ছাত্রীদের বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ আন্দোলন শুরু হয়।   

সোমবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরই ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে।  সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত প্রায় বাইশ ঘন্টা আন্দোলনরত ছাত্রীরা অধ্যক্ষের অপসারণ ও হল ত্যাগ নির্দেশের প্রতিবাদে কলেজের সামনে আজিমপুর সড়ক অবরোধ করে রাখে।   

মঙ্গলবার ছাত্রদল নেত্রীদের হামলা ও হুমকির পর আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা অবশেষে হল ছেড়ে যেতে বাধ্য হয়। ছাত্রদল ক্যাডারদের হামলায় আন্দোলনরত বেশ কয়েকজন ছাত্রী আহত হয়েছে।