খাগড়াছড়ি রণক্ষেত্র, ইউপিডিএফ-পুলিশ সংঘর্ষ, আহত ১৫ জন
খাগড়াছড়িতে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী পাহাড়ি গ্র“প ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার দুপুরে প্রায় এক ঘন্টার এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয় ১৫ জন। পুলিশ দুজনকে আটক করেছে।
ওই ঘটনার পর থেকে জেলা সদরের দোকান পাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এখনো থমথমে। শহরে সেনা বাহিনী ও পুলিশ টহল দিচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম বুধবার সকালে জেলার স্বনির্ভর মাঠে সংগঠনের প্রথম সম্মেলনের সমাবেশ করে। এতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান -- এই তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পাহাড়ি নারী -- পুরুষ অংশ নেয়।
সম্মেলন শেষে সমবেত জনতা ‘পাহাড়ে অব্যহত সেনা শাসন, বেআইনী ভূমি দখল ও জুম্ম (পাহাড়ি) নিধন চক্রান্তের’ প্রতিবাদে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ের দিকে অগ্রসর হয়। বিপুল সংখ্যক পুলিশ মিছিলকারীদের প্রথমে শহরের চেঙ্গী স্কোয়ারে বাধা দেয়। মিছিলকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হয়।
পরে তারা শাপলা চত্বরের দিকে অগ্রসর হলে পুলিশ সেখানে দ্বিতীয় দফায় বাধা দেয়। উত্তেজিত মিছিলকারীরা ওই ব্যারিকেডও অতিক্রম করে ডিসি অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে।
এ পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ওপর দফায় দফায় লাঠিচার্জ করে। সেখানে পুলিশের সঙ্গে জনতার কয়েক দফা সংঘর্ষ, ধাওয়া -- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল বিনিয়ের ঘটনা ঘটে। পুলিশের বেধড়ক লাঠিপেটায় আহত হয় অন্তত: ১৫ জন। আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে জীবন চাকমা ও কালাচাঁদ চাকমা নামে দুজনকে আটক করেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো জেলা সদরে বিরাজ করছে চাপা আতঙ্ক।
