মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ২টি মূর্তি উদ্ধার, ২ জন গ্রেপ্তার
মেহেরপুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইটি মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মেহেরপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।
বিডিনিউজের মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরের কেদেরগঞ্জ বাজারে মুজিবনগর থানা পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি ওজনের তামার কৃষ্ণমূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে--আব্দুর রাজ্জাক (৩৬) এবং মোয়াজ্জেম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার কেদেরগঞ্জ বাজারে গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে এই মূর্তি উদ্ধার করে।
এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুটি বাজার সংলগ্ন একটি পুকুর খনন করতে গিয়ে শ্রমিকরা সোমবার পাঁচ কেজি ওজনের একটি কষ্টি পাথরের কালীমূর্তি উদ্ধার করে।
শিবপুর ফাঁড়ি পুলিশ খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
