২ ডেপুটি কমিশনারসহ ২৫ পুলিশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশি নির্যাতনের শিকার এক নারী
১২ মার্চ বিরোধী ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির দিন পুলিশি নির্যাতনের শিকার এক নারী মঙ্গলবার আদালতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই ডেপুটি কমিশনার (ডিসি)সহ ২৫ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ঢাকা প্রধান মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার বর্ণনায় বলা হয়, ওই দিন বিক্ষোভ চলাকালে পুলিশ বাদীকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার স্বর্ণালংকার, মোবাইল ফোন, হাত ঘড়ি ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।
বাদীর নাম শাহিন সুলতানা শান্তা। তিনি বিচারপতি শামছুল হক মানিকের মেয়ে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আতিয়ার রহমানের স্ত্রী। এছাড়া তিনি নিজেও একজন আইনজীবী।
বিচারপতি এজিএম আব্দুলাহ হেল বাকি’র আদালতে স্বশরিরে উপস্থিতিত হয়ে তিনি ফৌজদারি দণ্ডবিধির ৩২৫,৩৯৪ এবং ৩৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক এবং ডেপুটি কমিশনার (পশ্চিম) কোহিনূর মিয়ার নির্দেশেই পুলিশ বাদীর ওপর হামলা চালায়।
তিনি বলেন, স্কুল থেকে বাচ্চাকে আনার জন্য গেলে ধানমণ্ডি এলাকার সামনে রাপা প্লাজার সামনে পুলিশ এবং বিরোধী দলের বিরোধের সামনে পড়লে সে আত্মরক্ষার জন্য একটি ক্লিনিকের মধ্যে আশ্রয় নেয়। এসময় পুলিশ তাকে ক্লিনিকের ভেতর থেকে টেনে বের করে এবং মারধোর করতে থাকে।
আদালত মামলাটি গ্রহন করে আইজিপিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট আদালতে পেশ করার জন্যে বলেন।
মামলাটির পরবর্তি শুনানির তারিখ ১৬ এপ্রিল ধার্য্য করা হয়েছে।
