জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি কার্যক্রম উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ওয়াকিল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ--উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক জামিল আহমেদ এবং এমফিল কোর্সের শিক্ষার্থী নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক রমা বিজয় সরকার ও পিএইচডি কোর্সের শিক্ষার্থী পাবনা এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক শহীদুল হাসান।
শিক্ষামন্ত্রী গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীদের অগ্রদূত আখ্যা দিয়ে বলেন, আপনাদের সাফল্যের ওপর এ কার্যক্রমের ভবিষ্যৎ নির্ভর করছে। নতুন এ কার্যক্রম যেন প্রহসনে পরিণত না হয়।
শিক্ষামন্ত্রী সনাতনী বিষয়ে গবেষণা না করে সমকালীন বিষয়ের ওপর গবেষণার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এবারই প্রথম ৭৭ জন এমফিল ও ৫৫ জন পিএইচডি গবেষণায় অংশ নিচ্ছে।
