২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্ত দিয়ে ডিজেলের পর এবার ভারতে পাচার হচ্ছে বোরো সেচের পানি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ডিজেল, পামওয়েল ও শ্যালো মেশিন পাচারের পর এবার পাচার তালিকায় নতুন সংযোজন হয়েছে সেচের পানি। সীমান্ত এলাকায় পাইপের মাধ্যমে এবার পাচার হচ্ছে সেচের পানি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিরামপুর সীমান্ত এলাকার বানোডা ও চাপডা গ্রাম ঘোরে দেখা গেছে, বাংলাদেশ--ভারত ২৯৫ নং পিলারের ১,২,৩ ও ৪নং সাবপিলার দিয়ে বাংলাদেশের দু’টি গভীর নলকুপ ও ৫টি শ্যালো মেশিন মালিক ভারতে প্রায় ৫শ’ বিঘা বোরো ধানের জমিতে অর্থের বিনিময়ে সেচ দিচ্ছে।

ওই এলাকার জনসাধারণ জানায়, ভারতে ডিজেলের দাম বেশী হওয়ায় প্রতি বিঘা জমিতে পানি বিক্রি হয় ১২শ’ টাকায় এবং বাংলাদেশ অংশের পানি বিক্রি হয় সেক্ষেত্রে ৬শ’ টাকায়। জানা গেছে, বাংদেশের পানির মূল্য কম হওয়ায় ভারতীয়রা সেচের পানি পাচার করে নিচ্ছে।

স্থানীয় অধিবাসীরা অভিযোগ করে বলেছেন, বিডিআর ডিজেল পাচার  রোধ করলেও ডিজেল চালিত শ্যালো মেশিনের পানি পাচার রোধ করতে পারছে না। এব্যাপারে ১৫ রাইফেলস্ এর অধিনায়ক কর্ণেল নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিওপি ইনচার্জকে রিপোর্ট করার জন্যে নির্দেশ দেন।