২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো - সরকার বৈঠক: এক মাসের মধ্যে বিরোধ নিরসনের আশাবাদ

ফেনী ফিল্ডের গ্যাস কেনার বিষয়ে জিপিএসএ স্বাক্ষরসহ কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে ঝুলে থাকা সকল বিরোধ আগামী এক মাসের মধ্যে নিরসন করা সম্ভব হবে বলে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 02:53 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সোমবার সকালে নাইকোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে নাইকো প্রস্তাবিত দামে সম্মত হয়ে পেট্রোবাংলার সাথে গ্যাস পারচেজ এন্ড সেলস এগ্রিমেন্ট (জিপিএসএ) স্বাক্ষর করবে।

তিনি বলেন, ফেনীর প্রতি হাজার ঘনফুট (এমসিএফ) গ্যাসের দাম কোনোভাবেই ১ দশমিক ৭৫ মার্কিন ডলারের বেশি দেয়া সম্ভব নয়।

মাহমুদুর রহমান বলেন, জিপিএসএ স্বাক্ষরের সাথে সাথেই নাইকো বাংলাদেশে নতুন করে আরো ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এর আওতায় ফেনীর গ্যাস উত্তোলনের জন্যে সেখানে আরো একটি কূপ খনন করা হবে। একই সাথে তারা ছাতক গ্যাস ফিল্ডেও একটি উন্নয়ন কূপ খননের কাজ শুরু করবে।

নাইকো রিসোর্সেস প্রেসিডেন্ট এডওয়ার্ড জে স্যাম্পসনের নেতৃত্ব কোম্পানির প্রতিনিধিদলে ছিলেন কোম্পানির চীফ অপারেটিং অফিসার বিল হর্নাডে ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ব্রায়ান জে এডলফ।

এডলফ জানান, উপদেষ্টার সাথে খুব ভালো আলোচনা হয়েছে।

তিনি বলেন: আমরা নতুন করে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছি। তবে এটা নির্ভর করবে জিপিএসএ স্বাক্ষর, গ্যাসের দাম চূড়ান্ত করা এবং উন্নয়ন কূপ খননের জন্যে ওয়ার্ক প্রোগ্রাম অনুমোদনের উপর।

এক প্রশ্নের জবাবে তিনি বিডিনিউজকে বলেন, বিষয়টি এখন ইতিবাচক পথে এগুচ্ছে। কিন্তু চূড়ান্তভাবে কিছু বলার আগে আমাদের সংশ্লিষ্টদের সাথে আরো আলোচনার প্রয়োজন আছে।

এই বিষয়ে জয়েন্ট ভেঞ্চার চুক্তির আওতায় গঠিত জয়েন্ট ম্যানেজমেন্ট কমিটি (জেএমসি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী সপ্তাহের মধ্যেই নাইকো জেএমসি সভা ডাকার জন্যে বাপেক্সকে অনুরোধ জানাতে পারে বলে সূত্রে প্রকাশ।

দাম নির্ধারণ ছাড়াই সরকারের অনুরোধের প্রেক্ষিতে গত বছরের গোড়ার দিক থেকে নাইকো ফেনী গ্যাস ক্ষেত্রের উৎপাদন শুরু করে। এ পর্যন্ত গ্যাসের দাম বাবদ তাদের ৪ মিলিনয় মার্কিন ডলার  দেয়া হয়েছে। কিন্তু গ্যাসের দাম কি হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় জিপিএসএ স্বাক্ষর করা যায়নি।

সম্প্রতি সরকার নাইকোকে জানিয়েছে যে তারা প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম বাবদ ১ দশমিক ৭৫ মার্কিন ডলার দাম প্রদান করবে। কিন্তু নাইকো তাতে সম্মত না হয়ে বলেছে দাম ২ দশমিক ৩৫ মার্কিন ডলার নির্ধারণ করতে হবে।

তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রেক্ষিতে নাইকোকে ছাতক গ্যাস ক্ষেত্র উন্নয়নের অনুমতি দেয়া হয়েছে।