এসএসসি পরীক্ষা: দ্বিতীয় দিনে ৯ শিক্ষা বোর্ডে নকলের দায়ে ১৯২ পরীক্ষার্থী বহিস্কার
সারাদেশে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় নকলের দায়ে নয়টি বোর্ডের ১৯২ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডে ৪৩ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্যে বহিস্কার করা হয়। উত্তরার ময়নার টেক পরীক্ষা কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেখানে নকল সরবরাহের সময় একজন শিক্ষককে বহিষ্কার করা হয়। সেইসাথে ওই পরীক্ষা কেন্দ্রও বাতিল করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডে তিনজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে মাগুরায় দুইজন ও মেহেরপুরে একজনকে বহিস্কার করা হয়। এছাড়া মাগুরাতে নকল সরবরাহের দায়েএকজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাঁচজন পরীক্ষার্থী ও একজন শিক্ষককে বহিস্কার করা হয়।
কুমিল্লা বোর্ডে বহিস্কার করা হয়েছে পাঁচজনকে, সিলেট বোর্ডে তিনজনকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তিনজন শিক্ষার্থী এবং একজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডে ৪২ শিক্ষার্থী এবং একজন শিক্ষককে পরীক্ষায় নকলের দায়ে বহিস্কার করা হয়।
কারিগারী শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ২৪ জন শিক্ষার্থীকে নকলের দায়ে বহিস্কার করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে নকলের অভিযোগে মোট ৬৪ জনকে বহিস্কার করা হয়েছে।
