কুড়িগ্রামে তীব্র সার সংকটের মুখে ডিলারদের দোকানে দোকানে পুলিশ মোতায়েন, পাচারকালে ডিজেল আটক
কুড়িগ্রামে তীব্র সার সংকটের মুখে শত শত কৃষকের ভিড় এড়াতে সার ডিলারদের দোকানে দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ভারতে পাচারকালে রোববার বিডিআর নাগেশ্বরী কাঁচাকাটা এলাকায় স্থানীয় ব্যাবসায়ী প্রভাত সাহার এক লরি ডিজেল আটক করে।
অন্যদিকে এ ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী কিছু নেতা জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কুড়িগ্রাম কৃষি বিভাগ জানায়, কুড়িগ্রাম সদরে রোববার তিনজন ডিলার ২৬ মে.টন সার উত্তোলন করেন এবং তা দুপুর ১২টার মধ্যে ফুরিয়ে যায়।
এসময় বাবর আলী, পনির সন্স এবং ফনি সাহা নামের ওই তিন ডিলারের দোকানে শত শত কৃষক ভিড় করলে, দোকানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়। চাহিদার তুলনায় সরবরাহকৃত সারের পরিমাণ কম হওয়ায় অধিকাংশ কৃষক সার না পেয়ে খালি হাতে ফিরে যায়।
সূত্র জানায়, কুড়িগ্রাম বাফার গুদামে রোববার সার মজুদের পরিমাণ ছিল মাত্র ১৭ মে.টন।
