পটুয়াখালীর কলাপাড়ায় বাঘ আটক
পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরশহরের চিঙ্গরিয়া এলাকায় রোববার দুপুরে এলাকাবাসী একটি জীবিত বাঘ আটক করেছে।
তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বাঘটি ধরতে গিয়ে ছয়জন বাঘের নখের আঘাত ও কামড়ে আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরশহরের মাঝখান দিয়ে প্রবাহমান খাল খননকালে শ্রমিকরা জঙ্গল পরিষ্কার করার সময় বাঘটি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেয় এবং এক পর্যায়ে দৌড়া--দৌড়ি করতে থাকে। কলাপাড়া উপজেলার ইউএনও’র নির্দেশে এবং দুই পৌরকমিশনারের উদ্যোগে স্থানীয় লোকজন দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে একপর্যায়ে বাঘটি ধরতে সক্ষম হয়।
কলাপাড়ার বন কর্মকর্তা বলেছেন, গায়ে ডোরাকাটা বাঘটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা এবং দেড়ফুট উচু। বাঘটি চিতা কিংবা টিকা প্রজাতির হতে পারে। বাঘটি মাদী (বাঘিনী) তাই এর পুরুষ সঙ্গী থাকতে পারে।
বাঘটিকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তবে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
